বিএনপি নেতাদের আশ্রয়ে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা, পুলিশ অভিযানে গ্রেপ্তার
- আপডেট সময় ১১:৫০:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
- / ৩৫ বার পড়া হয়েছে
রাজশাহীর দুই বিএনপি নেতার আশ্রয় থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
নাটোরের লক্ষ্মীপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিবকে রাজশাহীর পুঠিয়ায় বিএনপি নেতার শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা আল মামুনের শ্বশুর আব্দুর রশীদের কাঠালবাড়িয়া গ্রামের বাড়িতে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ জানায়, হাবিব পুঠিয়ায় তার ভায়রা আব্দুর রশীদের বাড়িতে থেকে ভার্চুয়ালি বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নিতেন। এর ধারাবাহিকতায় গত ১৬ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে নাটোর সদর উপজেলার দত্তপাড়া বাজারে ঢাকার দিক থেকে আসা একটি হাইয়েস মাইক্রোবাস, একটি প্রাইভেটকার ও একটি পিকআপ থেকে কয়েকজন মুখোশধারী ব্যক্তি নেমে ‘জয় বাংলা ও জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে ঝটিকা মিছিল করেন। এ সময় একাধিকবার ফাঁকা গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে স্থানীয়রা দাবি করেন। ওই ঘটনার সঙ্গেও হাবিবের নাম জড়িয়েছে। তার বিরুদ্ধে হত্যা ও জুলাইযোদ্ধাদের ওপর হামলাসহ ২১টি মামলা রয়েছে।
এদিকে, যুবলীগ নেতা হাবিবকে গ্রেপ্তারের সময় তার আশ্রয়দাতা আব্দুর রশীদকে গ্রেপ্তারের দাবি জানান বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা। তারা এ দাবিতে পুলিশকে চাপ দিলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা নেই বলে পুলিশ তাকে আটক করেনি। এ নিয়ে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয় বিএনপি নেতারা বলেন, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাদের আশ্রয়দাতাদের আটক করা না হলে অন্যরাও উৎসাহিত হবে এবং নিষিদ্ধ ঘোষিত দলের নেতাকর্মীদের আশ্রয় দিতে থাকবে।
অন্যদিকে, রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মানজালকে পবা উপজেলা বিএনপি নেতা শাহজাহানের শিমুল অটো ফ্লাওয়ার মিল থেকে গ্রেপ্তার করেছে পবা থানা পুলিশ। পরে তাকে সংশ্লিষ্ট থানার মাধ্যমে আদালতে পাঠানো হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।



















