ইসলামি জলসার অতিথি নির্ধারণ নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, নিহত ১
- আপডেট সময় ০৩:১২:১৩ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
- / ৩২ বার পড়া হয়েছে
রাজশাহীর চারঘাট উপজেলায় ইসলামি জলসার প্রধান অতিথি নির্ধারণকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের দ্বন্দ্বের জেরে বিএনপির এক কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এশার নামাজের পর উপজেলার ইউসুফ সিপাইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত এরশাদ আলী (৬৫) ইউসুফপুর ইউনিয়নের সিপাইপাড়া গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে। তিনি ইউনিয়ন বিএনপির সদস্য এবং স্থানীয় সংসদ সদস্য আবু সাইদ চাঁদের অনুসারী বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার জুম্মার নামাজের পর মসজিদে বসে গ্রামে একটি ইসলামি জলসা ও মাহফিল আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়। এ সময় প্রধান অতিথি নির্বাচন নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধ দেখা দেয়। একপক্ষ জেলা বিএনপি নেতা আনোয়ার হোসেন উজ্জ্বলকে প্রধান অতিথি করার প্রস্তাব দেয়। অন্যপক্ষ, নিহত এরশাদ আলীসহ কয়েকজন, স্থানীয় এমপি আবু সাইদ চাঁদকে প্রধান অতিথি করার পক্ষে অবস্থান নেন। এ নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে বৈঠক ভেস্তে যায়।
পরিবার ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, রাতে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে আনোয়ার হোসেন উজ্জ্বলের অনুসারী হিসেবে পরিচিত সাইদুর রহমান, সুমন আলী, সাব্বির, আশাদুল ও জোয়াদ—এরশাদ আলীর পথরোধ করেন। পরে পেয়ারা গাছের ডাল ও লাঠি দিয়ে তাকে বেধড়ক মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় মুসল্লিরা তাকে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চারঘাট থানার কর্মরত এসআই সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তরা ঘটনার পরই পালিয়েছেন। তাদের আটকের চেষ্টা চলছে। আর নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে থানায় হত্যা মামলাও হবে।



















