কুষ্টিয়ার ‘পীর’ শামীম হত্যার ঘটনায় মামলা
- আপডেট সময় ১১:০২:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
- / ১২৮ বার পড়া হয়েছে
কুষ্টিয়ার দৌলতপুরে আলোচিত ‘পীর’ আবদুর রহমান শামীম হত্যাকাণ্ডের ঘটনায় মামলা করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) রাত ১০টার দিকে নিহতের বড় ভাই ফজলুর রহমান বাদী হয়ে দৌলতপুর থানায় মামলাটি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান।
মামলায় কয়েকজনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে। এতে হামলায় সরাসরি অংশ নেওয়া এবং ঘটনাকে ঘিরে উসকানিদাতাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, মামলার ভিত্তিতে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। পাশাপাশি ঘটনার পেছনের প্রকৃত কারণ ও সংশ্লিষ্টদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।
এর আগে সোমবার সকালে নিহত শামীমের বড় ভাই ফজলুর রহমান জানিয়েছিলেন, হত্যার ঘটনায় মামলা না করার সিদ্ধান্ত নিয়েছে পরিবার। তবে রাতে মামলা করেন তিনি।
ঘটনার পর থেকেই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে।





















