যুক্তরাষ্ট্রে নিখোঁজ নোবিপ্রবি শিক্ষার্থী
বৃষ্টির নিথর দেহ উদ্ধার, দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু
- আপডেট সময় ০৯:৩৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬
- / ১৩০ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ হওয়া ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী ও নোবিপ্রবির সাবেক শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ আনুষ্ঠানিকভাবে শনাক্ত করেছে স্থানীয় পুলিশ। নিখোঁজের দীর্ঘ সময় পর শুক্রবার (১ মে) ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস বৃষ্টির পরিবারের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে।
বাংলাদেশ দূতাবাস জানায়, ফ্লোরিডা পুলিশ ডিপার্টমেন্ট সরাসরি বৃষ্টির ভাইয়ের সাথে যোগাযোগ করে উদ্ধার হওয়া দ্বিতীয় মরদেহটি বৃষ্টির বলে নিশ্চিত করেছে। ডিএনএ পরীক্ষা এবং আনুষঙ্গিক তদন্ত শেষে পুলিশ এই মর্মান্তিক সিদ্ধান্তে পৌঁছায়। এর আগে নিখোঁজ হওয়ার আট দিন পর অপর শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ উদ্ধার করা হয়েছিল।
নাহিদা বৃষ্টির অকাল মৃত্যুতে শোকাহত পরিবার তার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের কাছে আকুল আবেদন জানিয়েছে। এই প্রেক্ষিতে ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাস ইতোমধ্যে মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের মাধ্যমে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শুরু করেছে। দ্রুততম সময়ের মধ্যে তার দেহ বাংলাদেশে স্বজনদের কাছে পৌঁছানোর সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানা গেছে।
উল্লেখ্য, গত ১৬ এপ্রিল থেকে জামিল লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি রহস্যজনকভাবে নিখোঁজ হন। তারা দুজনই ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় উচ্চতর গবেষণায় নিয়োজিত ছিলেন। নিখোঁজের আট দিন পর গত ২৪ এপ্রিল হিলসবরো কাউন্টি শেরিফ অফিস হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের নিকটবর্তী স্থান থেকে লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে। বৃষ্টির মরদেহ শনাক্তের মধ্য দিয়ে এই ঘটনার বিভীষিকাময় রূপটি পূর্ণাঙ্গভাবে সামনে এলো।
এদিকে, জামিল লিমনের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া প্রায় সম্পন্ন হয়েছে। আগামী ২ মে ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাই হয়ে তার মরদেহ ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। সবকিছু ঠিক থাকলে ৪ মে সোমবার লিমনের মরদেহ বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে।
যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষারত দুই মেধাবী শিক্ষার্থীর এমন নৃশংস ও মর্মান্তিক পরিণতিতে দেশে এবং প্রবাসে থাকা বাংলাদেশি কমিউনিটির মাঝে শোক ও ক্ষোভের আবহ বিরাজ করছে। শোকাতুর স্বজনরা এখন কেবল প্রিয়জনের নিথর দেহটুকু শেষবারের মতো দেখার অপেক্ষায় দিন গুনছেন।













