রাবিপ্রবি ভিসিকে পদত্যাগের আল্টিমেটাম, কার্যালয়ে ছাত্রদলের তালা
- আপডেট সময় ০৩:০০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
- / ৩০ বার পড়া হয়েছে
পার্বত্য চট্টগ্রামের একমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয় রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি)। উপাচার্য অধ্যাপক ড. মো. আতিয়ার রহমানের পরিকল্পনায় ক্রমাগত উন্নয়ন ও পরিকল্পিত অবকাঠামোর কারণে বিশ্ববিদ্যালয়টি দেশের সবচেয়ে সুন্দর ক্যাম্পাসগুলোর একটি হয়ে উঠছে।
এরপরও নানারকম অভিযোগ তুলে ড. আতিয়ার রহমানকে ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দিয়ে ভিসি কার্যালয়ে তালা ঝুলিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
মঙ্গলবার (৫ মে) সকালে ভিসি কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলন শেষে ছাত্রদলের নেতাকর্মীরা এই কর্মসূচি পালন করেন। এ সময় তারা ভিসি ড. আতিয়ার রহমানের বিরুদ্ধে একাধিক অনিয়ম ও পক্ষপাতের অভিযোগ তোলেন।
ছাত্রদলের নেতাদের অভিযোগ, বর্তমান ভিসি বিশ্ববিদ্যালয়ে ‘জামায়াতীকরণ’ করছেন এবং একই সঙ্গে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের পুনর্বাসনের চেষ্টা চালাচ্ছেন। তাদের দাবি, ভিসি বিভিন্ন সময় জামায়াত-শিবির সংশ্লিষ্ট কর্মকাণ্ডে অংশ নিয়েছেন এবং নিয়োগ প্রক্রিয়ায় দলীয় প্রভাব বিস্তার করছেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, শিক্ষক নিয়োগ ও প্রশাসনিক পদে জামায়াতপন্থিদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। পাশাপাশি বিধিবহির্ভূতভাবে প্রকল্প পরিচালক নিয়োগ এবং আর্থিক অনিয়মের অভিযোগও তোলা হয়।
পরে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে পদত্যাগের দাবি জানিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয় ছাত্রদল। সংবাদ সম্মেলন শেষে তারা ভিসি কার্যালয়ে অবস্থানরত কর্মকর্তা-কর্মচারীদের ৫ মিনিটের সময় দিয়ে বের করে দেয় এবং প্রধান ফটকে তালা লাগিয়ে দেয়।
ছাত্রদল আহ্বায়ক নাসির উদ্দিন অর্নব বলেন, ‘ভিসির বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, প্রশাসনিক অনিয়ম এবং পক্ষপাতমূলক আচরণের অভিযোগ রয়েছে। তাই আমরা ৪৮ ঘণ্টার মধ্যে তার পদত্যাগ দাবি করছি।’
এ সময় উপস্থিত ছিলেন রাবিপ্রবি ছাত্রদলের আহ্বায়ক নাসির উদ্দিন অর্নব, সদস্য সচিব জিশান আহমেদ এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামস শাহরিয়ারসহ সংগঠনের নেতাকর্মীরা।
উল্লেখ্য, ২০০১ সালে আইন পাসের মাধ্যমে প্রতিষ্ঠিত হলেও বিশ্ববিদ্যালয়টির একাডেমিক কার্যক্রম শুরু হয় ২০১৪-১৫ শিক্ষাবর্ষে। শুরুতে সীমিত সুযোগ-সুবিধা নিয়ে ভাড়া ভবনে ক্লাস ও প্রশাসনিক কার্যক্রম চালু থাকলেও দীর্ঘ সময়ের নানা চ্যালেঞ্জ পেরিয়ে এখন নিজস্ব ক্যাম্পাসে চলছে নিয়মিত শিক্ষা কার্যক্রম।
বর্তমানে বিশ্ববিদ্যালয়ে পাঁচটি বিভাগে পড়াশোনা চালু রয়েছে। ‘স্কোপাস ২০২৪’ প্রকাশিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শীর্ষ গবেষকদের তালিকায় স্থান লাভ করা ড. আতিয়ার রহমান ২০২৫ সালের ৯ জানুয়ারি রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় উপাচার্য হিসেবে নিয়োগ লাভ করেন। তার নেতৃত্বে বর্তমান প্রশাসন গবেষণার ওপর দিচ্ছে বিশেষ গুরুত্ব। প্রতিষ্ঠা করা হয়েছে রিসার্চ ও ইনোভেশন সেল।
শিক্ষক গবেষণা অনুদান, আন্তর্জাতিক জার্নালে প্রকাশনায় প্রনোদনা, কনফারেন্স গ্রান্টের মাধ্যমে ধীরে ধীরে গবেষণা পরিবেশের উন্নতি হচ্ছে। নেওয়া হয়েছে দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সহযোগিতা বাড়ানোর উদ্যোগ, যাতে জ্ঞান ও গবেষণার আদান প্রদান সহজ হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ে অংশ নেওয়ার প্রস্তুতিও চলছে, যা ভবিষ্যতে রাবিপ্রবিকে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করতে সাহায্য করবে।
ক্যাম্পাসজুড়ে এখন একাধিক একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন ও আবাসিক হল নির্মাণাধীন। প্রতিটি স্থাপনায় নান্দনিকতার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে, যাতে এগুলো শুধু ব্যবহারিক না হয়ে ক্যাম্পাসের সৌন্দর্যও বাড়ায়।



















