ইডেন শিক্ষার্থীদের ‘গুপ্ত ছাত্রী সংস্থার নষ্টা নেত্রী’ বললেন ইবি ছাত্রদল নেতা
- আপডেট সময় ০৪:১৯:১৬ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
- / ২৪ বার পড়া হয়েছে
রাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ করা রাজধানীর ইডেন কলেজের ছাত্রীদের ‘নষ্টা নেত্রী’ বলে কটুক্তি করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আহসান হাবীব। রবিবার (১০ মে) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে ইডেন ছাত্রীদের আন্দোলনের একটি ছবি শেয়ার করে ‘গুপ্ত ছাত্রী সংস্থার নষ্টা নেত্রী’ বলে অভিহিত করেন তিনি।
স্ট্যাটাসের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এদের ধরে ধরে যদি কাঁচা কোঞ্চি দিয়ে বানানো হতো, তাহলে এরা মধ্যরাতে মব সৃষ্টি করার সাহস পেতো না। এদের দেখে কি মনে হয় এরা সাধারণ শিক্ষার্থী? এরা মুলত গুপ্ত ছাত্রী সংস্থার নষ্টা নেত্রী।’
আহসান হাবীবের পোস্টের পরপরই মন্তব্যের ঘরে এ ধরনের কটুক্তির প্রতিবাদ করতে দেখা গেছে অনেককে। এ কে আজাদ লিখেছেন, ‘ভাই, এটাই আপনাদের বড় ব্যর্থতা আর জামাত শিবিরের সফলতা। গেঞ্জি পরা মেয়ে ছাত্রী সংস্থার কর্মী হবে এটা অসম্ভব। যখন সাধারণ শিক্ষার্থীদেরকে এই তকমা দেয়া হবে, ঠিক তারা রাজপথে স্লোগান দেবে, তুমি কে আমি কে গুপ্ত গুপ্ত। যেমনটা জুলাই আন্দোলনে হয়েছে।’
সাহেব আলী নামক একজন লিখেছেন, ‘আগে জামায়াত-শিবির, বিএনপি, রাজাকার, মুক্তিযুদ্ধ এগুলো রাজনৈতিক নিত্য শব্দ ছিল। এগুলো ছাড়া রাজনীতি অচল ছিলো সকল রাজনীতিবিদের। এখন গুপ্ত এবং মব শব্দ দুটো খুব চমকপ্রদ শব্দ হয়ে দাঁড়িয়েছে। এগুলো আমাদের দেশে রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমান।’
তার ভাষ্য, ‘রাজনীতি হয় জনগণ আর ছাত্রদের নিয়ে। অথচ আমাদের দেশে রাজনীতি হয় বিরোধী দলের খোঁচা দিয়ে, কথা শুনিয়ে, মার দিয়ে, অত্যাচার করে ইত্যাদি। রাজনৈতিক কালচার পরিবর্তন করা উচিত।’
এ ব্যাপারে জানতে চাইলে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আহসান হাবীব বলেন, ‘রাজনীতি নিষিদ্ধের দাবিটা যদি দিনে-দুপুরে প্রকাশ্যে করতো, তাহলে সুন্দর হতো। কিন্তু মধ্যরাতে এভাবে সাধারণ শিক্ষার্থী সেজে একটা রাজনীতি নিষিদ্ধ করতে চাওয়ায় আমার কাছে মনে হয় না যে, এরা আসলেই সাধারণ শিক্ষার্থী।’
তিনি বলেন, ‘সাধারণ শিক্ষার্থী হলে দিনের বেলায় চাইতো। আর বর্তমান প্রেক্ষাপটে আসল সাধারণ শিক্ষার্থী খুঁজে পাওয়া খুবই মুশকিল। তারা কোনো না কোনোভাবে তারা কোনো না কোনো সংগঠনের সাথেই জড়িত। তো এই জায়গা থেকে আমার এই অভিমত দেওয়া।’
তাদের ‘নষ্টা’ বলে সম্বোধনের যৌক্তিকতা জানতে চাইলে তিনি বলেন, ‘মধ্যরাতে যেভাবে রাজনীতি নিষিদ্ধের দাবিতে এ প্রোগ্রামটা করলো বা এই রাজনীতি নিষিদ্ধর কথা বলল, এটা আমি মনে করি না কোনো ভদ্র সমাজের শিক্ষার্থী হিসেবে এটা মানানসই হয়। সেই ক্ষেত্রে এ বক্তব্যটা দিয়েছি। এখানে মা-বোনদের হেয় প্রতিপন্ন করার জন্য কোনো উদ্দেশ্য আমার ছিল না।’
শাখা ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রুমি মিথুন এ বিষয়ে বলেন, ‘গুপ্ত রাজনীতির বিরুদ্ধে সব সময়ই জাতীয়তাবাদী ছাত্রদলের প্রকাশ্য অবস্থান ছিল। গতকাল ইডেন কলেজ এবং এর আগে তিতুমীর কলেজে মধ্যরাতে মবের ঘটনায় আমরা গুপ্ত রাজনীতির বিরোধিতা করেছি।’ নারী শিক্ষার্থীদের কটূক্তি করা ছাত্রদল কখনো উৎসাহিত করে না উল্লেখ করে তিনি বলেন, ‘ইবি ছাত্রদলের যুগ্ম আহবায়ক যে মন্তব্য করেছেন, সেটা একান্তই তার ব্যক্তিগত মন্তব্য। ইবি ছাত্রদলের সাংগঠনিক বক্তব্য নয়।’























