দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াত নেতাকে অব্যাহতি
- আপডেট সময় ০৭:১১:৫৯ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
- / ২৪ বার পড়া হয়েছে
রংপুরের মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়ন জামায়াতের বাইতুলমাল সম্পাদক মো. কামরুজ্জামান সেলিমকে সংগঠনের সর ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
শনিবার (৬ জুন) মিঠাপুকুর উপজেলা জামায়াতের আমির মো. আসাদুজ্জামান শিমুল সই করা এক পত্রে এ তথ্য জানানো হয়।
এতে উল্লেখ করা হয়, সংগঠনের নীতি, আদর্শ, শৃঙ্খলা ও সাংগঠনিক সিদ্ধান্তের প্রতি যথাযথ আনুগত্য প্রদর্শনে ব্যর্থ এবং শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকায় মো. কামরুজ্জামান সেলিমকে সংগঠনের সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
জানা গেছে, মো. কামরুজ্জামান সেলিম দীর্ঘদিন ধরে বড়বালা ইউনিয়ন জামায়াতের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছিলেন। ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিক ও আর্থিক কার্যক্রম পরিচালনায় তার সম্পৃক্ততা ছিল। তবে সম্প্রতি তার কিছু কর্মকাণ্ড নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়। বিষয়টি উপজেলা ও জেলা পর্যায়ের দায়িত্বশীলদের নজরে এলে সাংগঠনিকভাবে পর্যালোচনা করা হয়। পরবর্তীতে অভিযোগের সত্যতা ও সাংগঠনিক শৃঙ্খলা বিবেচনা করে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
মিঠাপুকুর উপজেলা জামায়াতের আমির মো. আসাদুজ্জামান শিমুল বলেন, সংগঠনের গঠনতন্ত্র, নীতিমালা ও সিদ্ধান্তের প্রতি আনুগত্য প্রত্যেক সদস্য ও দায়িত্বশীলের জন্য বাধ্যতামূলক। কোনো ব্যক্তি যদি সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত বা সংগঠনের সিদ্ধান্ত অমান্য করেন তাহলে সাংগঠনিক বিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। কামরুজ্জামান সেলিমের ক্ষেত্রেও সাংগঠনিক প্রক্রিয়া অনুসরণ করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



















