নারায়ণগঞ্জে এনসিপির ফল উৎসবে ছাত্রদলের হামলা
- আপডেট সময় ০৭:৪৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬
- / ২৩ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফল উৎসবের প্যান্ডেল ও মঞ্চে দুই দফায় হামলা ও ব্যাপক ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শনিবার (৬ জুন) বিকেলে উপজেলার দাউদপুর ইউনিয়নের কুলিয়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। এর আগে শুক্রবার সন্ধ্যায় প্রথম দফায় মঞ্চের সামনে থাকা চেয়ার টেবিল ভাঙচুর করে প্যান্ডেল খুলে ফেলার ঘটনা ঘটে। এ সময় বাধা দিতে গেলে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়।
হামলায় আহতরা হলেন, এনসিপির রূপগঞ্জ উপজেলা যুগ্ম সদস্য সচিব ফারাবি হাসান, নারায়ণগঞ্জ জেলা যুগ্ম সদস্য সচিব ইউসুফ মোল্লা, জাতীয় যুব শক্তি কেন্দ্রীয় সংসদ সিনিয়র সহ সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাতসহ এনসিপির অন্তত ১০ জন নেতাকর্মী।
স্থানীয় সূত্রে জানা গেছে, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর আগমন উপলক্ষে কুলিয়াদি মাঠে ফল উৎসবের আয়োজন করে উপজেলা এনসিপি। এ উৎসব ঘিরে আগের দিন থেকেই প্যান্ডেল ও মঞ্চ তৈরির কাজ চলছিল। গত শুক্রবার সন্ধ্যা ৮টার দিকে একদল দুর্বৃত্ত মোটরসাইকেল মহড়া দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রথম দফায় ওই মঞ্চ ও প্যান্ডেল ভেঙে ফেলে। এতে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। পরে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় ফল উৎসব সফল করার লক্ষ্যে আবারও প্রস্তুতি নেন এনসিপির নেতাকর্মীরা।
পরদিন শনিবার দুপুর ৩টার দিকে মঞ্চ তৈরির প্রস্তুতি চলাকালীন হঠাৎ ৫০ থেকে ৬০টি মোটরসাইকেলযোগে একদল দুর্বৃত্ত দেশীয় ও ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে দ্বিতীয় দফায় হামলা চালায়। এ সময় তারা মঞ্চের সামনের চেয়ার-টেবিল ব্যাপক ভাঙচুর করে এবং প্যান্ডেল খুলে ফেলে। এসময় বেশ কয়েকজন আহত হয়। পরে তাদের উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে ভর্তি করা হয়েছে।
এদিকে, উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রশাসনের পাশাপাশি ঘটনাস্থলে যান রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন। তিনি সেখানে গিয়ে এনসিপি নেতাকর্মীদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু সে সময় চরম ক্ষুব্ধ এনসিপি নেতাকর্মীরা তাকে লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ বলে তীব্র স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে তিনি উপস্থিত নেতাকর্মীদের তীব্র রোষানলে পড়েন।
এনসিপি নেতাকর্মীদের অভিযোগ, আওয়ামী ফ্যাসিবাদী কায়দায় নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদের নেতৃত্বে এ হামলা চালিয়েছে। পুলিশের সামনেই তারা এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ বলেন, আমি এসব ব্যাপারে কিছুই জানি না। শুধু শুধু আমার ব্যাপারে অপপ্রচার চালানো হচ্ছে।
এ বিষয়ে রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহাফুজুর রহমান হুমায়ুন বলেন, যারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে তারা আমাদের দলের কেউ না। দলের দুর্নাম করার জন্যই আওয়ামী এ ঘটনা ঘটিয়েছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সরকারি পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, এনসিপির একটি ফল উৎসবের প্রোগ্রামে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমরা ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছি। তারা নির্বিঘ্নে তাদের ফল উৎসবের প্রোগ্রাম করতে পারবেন।



















