হাবিপ্রবির তিন হলে মাসে ৪ লাখ টাকার সিগারেট বিক্রি, উদ্বেগে প্রশাসন
- আপডেট সময় ০৪:১৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
- / ৪২ বার পড়া হয়েছে
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ক্যাম্পাসের তিনটি ছাত্রাবাসের ক্যান্টিনে প্রতি মাসে প্রায় ৪ লাখ টাকার সিগারেট বিক্রি হচ্ছে। বিভিন্ন হলের ক্যান্টিনে সরেজমিনে খোঁজ নিয়ে এমন তথ্য পাওয়া গেছে। বিষয়টি শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি ও তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
বিশ্ববিদ্যালয়ের চারটি ছাত্রাবাসের মধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হল-এর রনি ক্যান্টিনে প্রতিদিন প্রায় ৪ থেকে সাড়ে ৪ হাজার টাকার সিগারেট বিক্রি হয়। সে হিসাবে মাসে বিক্রির পরিমাণ দাঁড়ায় প্রায় দেড় লাখ টাকা।
অন্যদিকে বিজয়-২৪ হল-এর জহিরুল ক্যান্টিনেও প্রতিদিন সাড়ে ৩ থেকে ৪ হাজার টাকার সিগারেট বিক্রি হয়। ক্যান্টিন মালিক জহিরুল জানান, মাস শেষে বিক্রির পরিমাণ এক লাখ টাকারও বেশি।
তুলনামূলক ছোট শহীদ আবরার ফাহাদ হল-এর জনি ক্যান্টিনে প্রতিদিন ৩ হাজার টাকার বেশি সিগারেট বিক্রি হয়। এতে মাসিক বিক্রির পরিমাণ প্রায় এক লাখ টাকার কাছাকাছি পৌঁছে। তবে শহীদ নুর হোসেন হল-এ ক্যান্টিন না থাকায় সেখানে সিগারেট বিক্রি হয় না।
এছাড়া বিশ্ববিদ্যালয়সংলগ্ন বাঁশেরহাট বাজারের বিভিন্ন দোকান ও টংঘর মিলিয়ে প্রতি মাসে অন্তত ১০ লাখ টাকার সিগারেট বিক্রি হয় বলে স্থানীয় সূত্রে ধারণা করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশে এভাবে বিপুল পরিমাণ সিগারেট বিক্রি হওয়ায় শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ বাড়ছে। বাংলাদেশের ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ এবং পরবর্তী সংশোধনী অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালের আশপাশে সিগারেট বিক্রি নিষিদ্ধ। এছাড়া পাবলিক স্থানে ধূমপান করলে সর্বোচ্চ ২ হাজার টাকা জরিমানা হতে পারে। অপ্রাপ্তবয়স্কদের কাছে তামাকজাত দ্রব্য বিক্রি আইনত দণ্ডনীয় অপরাধ। ভ্যাপ বা ই-সিগারেট বিক্রির ক্ষেত্রেও কঠোর শাস্তির বিধান রয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. নওশের ওয়ান বলেন, “বিষয়টি সত্যিই উদ্বেগজনক। আমরা শিক্ষার্থীদের সবসময় ধূমপান থেকে বিরত থাকতে উৎসাহিত করি। ধূমপান শিক্ষার্থীদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। ধূমপানমুক্ত ক্যাম্পাস গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে।”
ক্যাম্পাসের অভ্যন্তরে সিগারেট বিক্রি বন্ধের বিষয়ে তিনি বলেন, “আমরা বিষয়টি নিয়ে আলোচনা করে ক্যাম্পাসের ভেতরে সিগারেট বিক্রি বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব।”






















