কওমি ঘরানার দলগুলোর সঙ্গে বৈঠক হেফাজতের, জামায়াত জোট ছাড়তে চাপ
- আপডেট সময় ০৬:৩১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
- / ২৪ বার পড়া হয়েছে
কওমি ঘরানার সাতটি ইসলামি রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর ১২টার দিকে চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায় এ বৈঠক শুরু হয়।
বৈঠকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে থাকা ইসলামি দলসহ আরও কয়েকটি ইসলামি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। তারা এতে যোগ দিয়েছেন।
১১ দলীয় জোটের শুরু থেকেই হেফাজতের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী এই জোটের বিরুদ্ধে অবস্থান নেন। দলগুলো যাতে এই জোটে না যায় সে বিষয়ে সরব ছিলেন তিনি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ইসলামি দলগুলোর মধ্যকার বৃহত্তর ঐক্য ও ভবিষ্যৎ সমন্বিত কর্মপন্থা নির্ধারণে এই বৈঠকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশেষ করে কওমি ঘরানার রাজনৈতিক দলগুলোকে এই জোট থেকে বের করে আনাই বৈঠকের মূল এজেন্ডা। স্বাভাবিকভাবে গোটা কওমি অঙ্গনের নজর এখন এই বৈঠকের দিকে।
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, সিনিয়র নায়েবে আমির ও হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা খলিল আহমদ কাসেমী এবং মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমানের যৌথ আহ্বানে এই বৈঠকের আয়োজন করা হয়।
বৈঠকের বিষয়ে হেফাজতের পক্ষ থেকে পাঠানো আমন্ত্রণপত্রে বলা হয়, ইমান-আকিদা সংরক্ষণ এবং দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে ইসলামি শক্তির ঐক্যের কোনো বিকল্প নেই। এ লক্ষ্যেই কওমি ঘরানার ইসলামি রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের নিয়ে এই আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
বৈঠকে অংশ নিতে প্রতিটি দলকে সভাপতিসহ তিনজন করে প্রতিনিধি পাঠানোর অনুরোধ জানানো হয়।
যে সাতটি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়, সেগুলো হলো—ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট ও নেজামে ইসলাম পার্টি।
সূত্র জানায়, বৈঠকে যোগ দিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, মহাসচিব মুফতি সাজিদুর রহমান, সিনিয়র নায়েবে আমির ও দারুল উলুম হাটহাজারীর মহাপরিচালক মুফতি খলিদ আহমদ কাসেমী, আল্লামা আব্দুল হামিদ (মধুপুর পীর), নায়েবে আমির মাওলানা জসিম উদ্দীন, নায়েবে আমির ও নানুপুর বড় মাদ্রাসার মহাপরিচালক মাওলানা সালাহউদ্দীন নানুপুরী, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক) চেয়ারম্যান মাওলানা মাহফুজুল হক।
রাজনৈতিক দলগুলোর নেতাদের মধ্যে উপস্থিত আছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, নায়েবে আমির মাওলানা আলী উসমান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, নেজামে ইসলাম পার্টির আমির মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানী, মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার, খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, ও নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন।
এ বিষয়ে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মীর ইদ্রীস বলেন, ‘মিটিং চলছে। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ইসলামি দলগুলোর পারস্পরিক সমন্বয় এবং ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হবে। পরে বিস্তারিত জানানো হবে।’




















