আওয়ামী লীগের ৬ নেতা গ্রেপ্তার
- আপডেট সময় ০৮:০১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
- / ২৭ বার পড়া হয়েছে
বগুড়ার তিন উপজেলায় পৃথক অভিযানে আওয়ামী লীগ, যুবলীগ ও কৃষক লীগের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে, বুধবার (২৯ জুলাই) রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আওয়ামী লীগের দুজন, যুবলীগের দুজন এবং কৃষক লীগের দুইজন নেতা রয়েছেন।
শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মির্জাপুর বাজার এলাকা থেকে মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান (৪৮)কে গ্রেপ্তার করা হয়। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কানাইকান্দর এলাকা থেকে শাহবন্দেগী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি তোফাজ্জল হোসেন (৫৫)কে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর শেরপুর থানায় দায়ের হওয়া একটি মামলার এজাহারভুক্ত আসামি আব্দুল হান্নান। অপরদিকে, তদন্তে সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর তোফাজ্জল হোসেনকে একই মামলায় আসামি করা হয়েছে।
এদিকে সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবীর হোসেন জানান, বিশেষ অভিযানে বুধবার রাত পৌনে ২টার দিকে উপজেলার বালুয়া ইউনিয়নের ছোটবালুয়া গ্রামের নিজ বাড়ি থেকে উপজেলা যুবলীগের সদস্য মনিরুজ্জামান ঠান্ডুকে গ্রেপ্তার করা হয়। তিনি মৃত আবুল সরকারের ছেলে। ককটেল বিস্ফোরণ ও বিএনপি কর্মীকে মারধরের অভিযোগে দায়ের হওয়া মামলার আসামি তিনি। বৃহস্পতিবার আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
অন্যদিকে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, নাশকতার দুটি মামলায় বুধবার রাতে অভিযান চালিয়ে তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
তারা হলেন- গোসাইবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক আরিফুর রহমান দুলাল (৫২), ধুনট পৌর যুবলীগের সহ-সাধারণ সম্পাদক সুমন (৩৬) এবং চৌকিবাড়ি ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক সোহেল তালুকদার (৪২)।
পুলিশ জানায়, গ্রেপ্তার ছয়জনের বিরুদ্ধেই নাশকতা, বিস্ফোরকদ্রব্য, হামলা ও সহিংসতার অভিযোগে দায়ের হওয়া বিভিন্ন মামলা রয়েছে। বৃহস্পতিবার তাদের আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।



















