কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকের মত
গলায় সরাসরি পারফিউম স্প্রে করা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ
- আপডেট সময় ০৩:৪৬:২৬ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
- / ২৯ বার পড়া হয়েছে
নিয়মিত গলায় সরাসরি পারফিউম স্প্রে না করার পরামর্শ দিয়েছেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের প্যাথোলজি বিভাগের পিএইচডি গবেষক আনা কানাদাস। তার মতে, দীর্ঘদিন ধরে কিছু সুগন্ধি রাসায়নিকের সংস্পর্শে থাকলে ভবিষ্যতে স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে তিনি বলেন, দীর্ঘদিন ধরে কিছু সুগন্ধি রাসায়নিকের সংস্পর্শে থাকা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।
কানাদাসের মতে, একটি পারফিউমে শত শত, এমনকি হাজারেরও বেশি রাসায়নিক উপাদান থাকতে পারে। তবে এগুলোর অনেকগুলোই আলাদাভাবে উল্লেখ না করে শুধু ‘Fragrance’ নামে তালিকাভুক্ত করা হয়।
হরমোনে প্রভাব ফেলতে পারে কিছু রাসায়নিক
Frontiers in Toxicology জার্নালে প্রকাশিত গবেষণার উদ্ধৃতি দিয়ে তিনি জানান, কিছু পারফিউম ও প্রসাধনীতে থাকা ফথালেট, ফরমালডিহাইড এবং ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ডস-এর মতো উপাদান এন্ডোক্রাইন ডিসরাপ্টিং কেমিক্যাল হিসেবে পরিচিত। এগুলো শরীরের স্বাভাবিক হরমোনের কার্যক্রমে ব্যাঘাত ঘটাতে বা হরমোনের মতো আচরণ করতে পারে।
তবে বিশেষজ্ঞরা স্পষ্ট করে বলেছেন, গলায় পারফিউম লাগালে সরাসরি ক্যানসার হয়—এমন কোনো চূড়ান্ত বৈজ্ঞানিক প্রমাণ নেই। তবে উদ্বেগের বিষয় হলো, দীর্ঘ সময় ধরে নিয়মিত কিছু রাসায়নিকের সংস্পর্শে থাকলে ভবিষ্যতে স্বাস্থ্যঝুঁকি বাড়তে পারে।
গবেষকদের ভাষায়, তাদের উদ্দেশ্য মানুষকে পারফিউম ব্যবহার থেকে বিরত রাখা নয়। বরং প্রতিদিনের অপ্রয়োজনীয় রাসায়নিকের সংস্পর্শ সম্পর্কে সচেতন করা।
কেন গলা বেশি সংবেদনশীল?
চিকিৎসকদের মতে, গলার ত্বক শরীরের অন্যান্য অংশের তুলনায় পাতলা ও বেশি সংবেদনশীল। ফলে সেখানে লাগানো উপাদান তুলনামূলক সহজে ত্বকের ভেতরে প্রবেশ করতে পারে। গরম পানিতে গোসলের পরপরই পারফিউম ব্যবহার করলে ত্বকের রোমকূপ বেশি খোলা থাকায় শোষণের সম্ভাবনাও বাড়তে পারে।
নিরাপদে কিভাবে পারফিউম ব্যবহার করবেন
* গলায় সরাসরি স্প্রে না করে কাপড়ে পারফিউম ব্যবহার করুন।
* ত্বকে লাগাতে হলে গলার বদলে কবজির মতো কম সংবেদনশীল স্থানে ব্যবহার করুন।
* সম্ভব হলে প্রাকৃতিক বা অর্গানিক উপাদানযুক্ত পারফিউম বেছে নিন।
* গরম পানিতে গোসলের পরপরই পারফিউম ব্যবহার এড়িয়ে চলুন।
বিশেষজ্ঞদের মতে, মাঝেমধ্যে পারফিউম ব্যবহারকে ক্যানসারের প্রমাণিত কারণ হিসেবে ধরা হয় না। তবে দীর্ঘমেয়াদি প্রভাব নিয়ে গবেষণা চলমান থাকায় অপ্রয়োজনীয় রাসায়নিকের সংস্পর্শ কমানো একটি যুক্তিসঙ্গত সতর্কতা হতে পারে।




















