জামায়াতে ইসলামী থেকে ‘ইসলাম’ শব্দকে বাদ দিতে বললেন প্রতিমন্ত্রী নুর
- আপডেট সময় ০৬:০৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
- / ৩১ বার পড়া হয়েছে
জামায়াতে ইসলামী বাংলাদেশকে তাদের দলের নাম থেকে ‘ইসলাম’ শব্দ বাদ দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর। তিনি বলেছেন, জামায়াত সুযোগ পেলে আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) চাইতেও বড় ফ্যাসিস্ট হবে এবং ‘ইসলামী’ নাম ব্যবহার করে তারা ইসলামেরই সবচেয়ে বেশি ক্ষতি করেছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন ভবনের কেবিনে কুষ্টিয়ায় জামায়াত-শিবির ও গণঅধিকার পরিষদের মধ্যে সংঘর্ষে আহত ছাত্র অধিকার পরিষদ নেতা সোহানুর রহমান সোহানকে দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন প্রতিমন্ত্রী নুরুল হক নূর।
তিনি বলেন, জামায়াতে ইসলামী থেকে ইসলাম শব্দ বাদ দিতে হবে এবং জামায়াত সুযোগ পেলে আওয়ামী লীগের চাইতেও বড় ফ্যাসিস্ট হবে। জামায়াতে ইসলামী লেবাস লাগিয়ে ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে। জামায়াতের নৈতিক চরিত্রের অবক্ষয় হয়েছে। কুষ্টিয়ার এমপি জামায়াত নেতা আমির হামজা ও গাজী নজরুল তারই বড় উদাহরণ।
প্রতিমন্ত্রী নুর বলেছেন, ৭১ এর গণহত্যা, লুটপাট ও ধর্ষণের কারণে এই জামায়াত-শিবিরকে আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) নিষিদ্ধ করে গিয়েছিলো। সেই নিষেধাজ্ঞা অন্তর্বর্তী সরকার তুলেছে। এখন যেহেতু একটি নির্বাচিত সরকার ক্ষমতায়, এই সরকারকেও সেই বিষয়টি ভাবতে হবে। প্রয়োজনে রাজনৈতিক ঐকমত গড়ে তুলে এই জামায়াত-শিবিরের মতো উগ্রবাদী সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। নয়তো বৈশ্বিকভাবে বাংলাদেশ একটি ভাবমূর্তির সঙ্কটে পড়বে।
নুরুল হক নূর আরও বলেন, জামায়াতে ইসলামী সরকারে যাওয়ার খায়েশ হয়েছে এবং এই সরকারের ছয় মাস যেতে না যেতেই সরকারকে নিয়ে বিরক্তিকর বক্তব্য দেওয়া শুরু করেছে।
তিনি অভিযোগ করেন, উন্মাদ এমপি আমির হামজা বিভিন্ন সময় আমাদের মাননীয় সংসদ সদস্য রুমিন ফারহানা এবং ফারজানা পুতুলসহ অন্যান্য নারী সংসদ সদস্যদের নিয়ে বিভিন্ন সময় অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করছেন। এই উন্মাদ আমির হামজা আমাদের প্রয়াত খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমানকে (কোকো) নিয়েও কুরুচিপূর্ণ মন্তব্য করেন তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, আমির হামজার এসব নোংরা ভণ্ডামি কথাবার্তা জামায়াত সাপোর্ট করছে। এছাড়াও সাতক্ষীরার এমপি নজরুল ইসলামের কর্মকাণ্ডের পরেও জামায়াত যদি নিজেদের ইসলামী দল হিসেবে দাবি করে, তাহলে সেটা ইসলামের সঙ্গে সাংঘর্ষিক।
তিনি বলেছেন, আমি তাদেরকে বলবো জামায়াতে ইসলামী থেকে ইসলামী নাম বাদ দিতে। কারণ তারা ‘ইসলামী’ নামটি ব্যবহার করে ইসলামের লেবাস ধরে ইসলামেরই সবচেয়ে বেশি ক্ষতি করছে।



















