ছাত্রদল নেতাকে সাথে নিয়ে পশুচিকিৎসককে জুতাপেটা করা সেই নারী গ্রেপ্তার
- আপডেট সময় ০৭:৩৭:১২ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
- / ৩৫ বার পড়া হয়েছে
ময়মনসিংহ নগরের জেলা স্কুল মোড়ে ভেটেরিনারি চিকিৎসাকেন্দ্রে ঢুকে এক চিকিৎসককে মারধর, ভাঙচুর ও লুটের অভিযোগে আফরিন রশিদ সেঁজুতি (২০) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২৩ আগস্ট) দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে সকালে নগরের আকুয়া এলাকা থেকে হামলার ঘটনায় জড়িত আফরিনকে গ্রেপ্তার করা হয়।
হামলার নেপথ্যে চাঁদা দাবির পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যক্তিগত বিরোধ এবং এক বছর আগের একটি ঘটনা রয়েছে বলে জানিয়েছেন অভিযোগকারী পশুচিকিৎসক আশিকুর রহমান।
তিনি জানান, আফরিন রশিদ সেঁজুতি নামের ওই নারী একটি বিড়ালের মৃত বাচ্চা প্রসবকে কেন্দ্র করে তার ওপর ক্ষুব্ধ ছিলেন। এছাড়া ফেসবুকে অন্য এক চিকিৎসককে নিয়ে লেখালেখির পেছনে আশিকুরের হাত রয়েছে-এমন ভুল সন্দেহ থেকেও এ হামলা চালানো হয়ে থাকতে পারে।
ভুক্তভোগী চিকিৎসকের নাম মো. আশিকুর রহমান। তিনি নগরের জিলা স্কুলের পাশের গলিতে ‘ডক্টরস পেট কেয়ার’ নামে একটি চেম্বারে বিড়ালের চিকিৎসা ও আনুষঙ্গিক উপকরণ বিক্রি করেন।
ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, এক নারী চেম্বারে ঢুকে জুতা খুলে চিকিৎসককে পেটাতে থাকেন। পাশে থাকা নগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তালহাজুর রহমান (প্রতীক) ঘটনাটি মোবাইল ফোনের ক্যামেরায় ভিডিও করেন এবং একপর্যায়ে তিনি নিজেও চিকিৎসকের ওপর চড়াও হয়ে কিল-ঘুষি মারেন।
এ ঘটনায় গতকাল ২২ আগস্ট দুপুরে ময়মনসিংহ কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ডা. মো. আশিকুর রহমান। এতে অভিযুক্ত করা হয়েছে ছাত্রদল নেতা তালহাজুর রহমান প্রতীক, আফরিন রশিদ সেঁজুতি ও সাকিবসহ অজ্ঞাতনামা চার থেকে পাঁচজনকে।
অভিযোগে উল্লেখ করা হয়, অভিযুক্ত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে আশিকুরের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় তারা চেম্বারে ঢুকে চাঁদার জন্য চাপ দেন। প্রতিবাদ জানালে সিসি ক্যামেরার সংযোগ বিচ্ছিন্ন করে তাকে লোহার রড দিয়ে মারধর করা হয়। এসময় ঠেকাতে এলে দোকানের কর্মী ঈশান আহমেদ, ঈশানের স্ত্রী তাওহিয়া আক্তার এবং চিকিৎসকের স্ত্রী সাজনিন তাসনিন সিদ্দিকীকেও মারধর ও টানাহেঁচড়া করা হয়।
এদিকে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তালহাজুর রহমান প্রতীক নামের এক ছাত্রদল নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।



















