তারেক রহমানের বিরুদ্ধে মামলা করা ছাত্রলীগ নেতার পক্ষে প্রচারণা, এবার পেলেন ছাত্রদলের পদ
- আপডেট সময় ০৯:১২:৪০ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
- / ২৪ বার পড়া হয়েছে
২০১৪ সালে বিএনপির সিনিয়ার ভাইস চেয়ারম্যান এবং বর্তমানে দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে মামলা করা সাবেক নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগ উঠেছিল শাহরিয়ার হাবিব রিফাতের বিরুদ্ধে। সেই রিফাতই এবার বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের সমাজকর্ম বিভাগ শাখার আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন। এ ঘটনায় কলেজের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠেছে সংগঠনের পদ বণ্টনের প্রক্রিয়া নিয়েও।
গতকাল রবিবার (২৪ আগস্ট) তাকে কলেজের সমাজকর্ম বিভাগ ছাত্রদলের আহবায়ক কমিটি গঠন করা হয়। এতে রিফাতকে আহবায়কের দায়িত্ব দেওয়া হয়েছে।
অভিযুক্ত রিফাতের বাড়ি বগুড়ার গাবতলি উপজেলায়। তিনি হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি অরুণ কান্তি রায় সিটনের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন। সিটন ২০১৪ সালের ২২ ডিসেম্বর দিনাজপুরের ১নং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে মামলা করেছিলেন।
জানা গেছে, সিটন ২০২৪ সালের ৮ মে অনুষ্ঠিত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে বগুড়ার গাবতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এই নির্বাচনে সিটনের পক্ষে কাজ করেছিলেন শাহরিয়ার হাবিব রিফাত।
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের সময় সিটনের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছিলেন রিফাত। পোস্টে তিনি লিখেছিলেন, ‘আগামী ৮ মে উপজেলা নির্বাচনে ভোটারদের সুবিধার্থে অরুন রায় কাকার ঘোড়া মার্কার পক্ষ থেকে সাধারণ ভোটারদের ভোটার সিরিয়াল নম্বর লেখার মুহূর্ত।’
এ বিষয়ে জানতে চাইলে শাহরিয়ার হাবিব রিফাত বলেন, সিটন ভাই আমাদের গ্রামের পাসের গ্রামে থাকতেন। তিনি আমাদের স্কুলে এসেছিলেন। সেখান থেকে পরিচয়। তবে ফেসবুকে পোস্ট দিয়ে ভোটার তালিকা করার বিষয়টি তিনি অস্বীকার করেছেন। তার দাবি, ওই ফেসবুক আইডির সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই।
এ বিষয়ে জানতে চাইলে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের আহবায়ক রজিবুল ইসলাম শাকিল বলেন, ‘এমন কোনো বিষয় এখন পর্যন্ত কেউ আমাদের জানায়নি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’


















