পাকিস্তান দূতাবাসের সামনে থেকে ভুয়া ডিজিএফআই সদস্য গ্রেফতার
- আপডেট সময় ০৫:৪৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
- / ৮ বার পড়া হয়েছে
রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবন ও পাকিস্তান দূতাবাসের সামনে থেকে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতর (ডিজিএফআই) কর্মকর্তা পরিচয় দেয়া এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার যুবকের নাম মো: সাইফ ইমরান (৩৭)। তিনি সিলেটের বিয়ানীবাজার পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের খাসা গ্রামের মঈন উদ্দিন আহমেদের ছেলে।
জানা গেছে, শনিবার পাকিস্তানের দূতাবাসের সামনে এক যুবক সন্দেহজনকভাবে ঘুরাফেরা করলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তার পরিচয় জানতে চান। তিনি নিজেকে ডিজিএফআইয়ের সহকারী পরিচালক (এডি) হিসেবে পরিচয় দেন। পরে তার গতিবিধি এবং কথাবার্তা সন্দেহজনক মনে হলে তাকে আটক করে যাচাইবাছাই করার পর তাকে গুলশান থানায় হস্তান্তর করা হয়। রাতে তার বিরূদ্ধে গুলশান থানায় মামলা করা হয়েছে।
গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মো: আনোয়ার হোসেন জানান, শনিবার রাত সোয়া ৭টায় গুলশান থানার অধীনে প্রধানমন্ত্রীর বাসভবনের পাশে ও পাকিস্তান দূতাবাসের পশ্চিমে গুলশান নর্থ অ্যাভিনিউতে একটি মোটরসাইকেল পার্ক করার সময় এক ব্যক্তিকে আটক করা হয়। এর আগে দুপুরে ওই ব্যক্তি একই জায়গায় তার মোটরসাইকেলটি পার্ক করেছিলেন। পুলিশ সদস্যরা তাকে সেখানে পার্ক করতে নিষেধ করলে তিনি নিজেকে ‘সাইফ ইমরান এডি, ডিজিএফআই’ হিসেবে পরিচয় দিয়ে জায়গাটি ছেড়ে চলে যান।
এরপরে সন্ধ্যা সোয়া ৭টায় তিনি আবার একই জায়গায় ফিরে আসেন। তার পোশাক ও আচরণে সন্দেহ হওয়ায় পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, তিনি ডিজিএফআই বা বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য নন। পরবর্তীতে ডিজিএফআই কর্মকর্তাদের কাছ থেকে বিষয়টি যাচাই করা হয়।
গ্রেফতার ইমরানের কাছ থেকে একটি বাংলাদেশ সেনাবাহিনীর রেইনকোট, একটি সেনাবাহিনীর মোবাইল ব্যাকপ্যাক, ডিজিএফআই চিহ্নিত একটি কালো ওয়ালেট, সেনাবাহিনীর লোগোযুক্ত চাবির রিংসহ দুটি চাবি, দুটি মোবাইল ফোন- আইফোন ১১ ও স্যামসাং এ১০এস এবং একটি অনিবন্ধিত সাদা রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল।
এসআই আনোয়ার আরো বলেন, গ্রেফতার ইমরান রাজধানীর ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকা ব্লক-এফ এর ৪ নম্বর রোডের ১৯৮ বাড়ি থাকেন। তার গ্রামের বাড়ি সিলেটের বিয়ানীবাজারে। এ ঘটনায় শনিবার রাতেই এসআই উজ্জ্বল চক্রবর্তী গুলশান থানায় মামলা করেছেন।



















