কুবি শিক্ষিকার আকুতি
‘আপনাদের কাছে হাত জোড় করছি আমার ছেলেকে বাঁচান’
- আপডেট সময় ০১:৪০:৩১ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
- / ৭ বার পড়া হয়েছে
কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে অপ্রতিম নামের ১৩ বছর বয়সী এক কিশোর নিখোঁজ হয়েছে। সে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান। এ ঘটনায় তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার কুমিল্লা সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডি সূত্রে জানা গেছে, গত ১৮ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ থানাধীন ২৪ নম্বর ওয়ার্ডের কোটবাড়ি এলাকার বাসা থেকে হেঁটে বের হয় অপ্রতিম। এরপর সে আর বাসায় ফেরেনি।
নিখোঁজ অপ্রতিম একজন শিক্ষার্থী। সে বর্ডারগার্ড পাবলিক স্কুলে পড়াশোনা করে। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার সন্ধান পাননি। তাকে খুঁজে পেতে পরিবারের পক্ষ থেকে অনুসন্ধান অব্যাহত রয়েছে।
এ বিষয়ে ড. নাহিদা বেগম বলেন, ‘আমার ছেলেকে আমি বিকেল তিনটা থেকে খুঁজে পাচ্ছি না। ওর নাম অপ্রতিম। বয়স ১৩, ক্লাস সেভেনে পড়ে। হারানোর সময় পরনের এই পাঞ্জাবিটা ছিল গায়ে। আমার আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে গিয়ে আর ফিরে আসেনি। আপনারা যে যেখান থেকে পারেন সহায়তা করেন। আপনাদের কাছে হাত জোড় করছি আমার ছেলেকে বাঁচান। থানায় জানিয়েছি।’
কুমিল্লা সদর দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রকিবুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘গতকাল রাত ১২টার দিকে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন অপ্রতিমের স্বজনরা। এরপর রাত থেকেই সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে কাজ শুরু করেছি। এখন পর্যন্ত শিশুটির সন্ধানে অভিযান চলমান রয়েছে।’
কেউ অপ্রতিমের সন্ধান পেলে তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার ০১৭১৯-৬২৫৬৯০ অথবা মা ড. নাহিদা বেগমের ০১৯৭৪-৮৮৮৬৬৫ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।



















