‘আমরা যখন দেখেছি, তখন অপ্রতিমকে একটি শেয়াল কামড়াচ্ছিল’
- আপডেট সময় ০৪:৫৮:২৬ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
- / ১৯২ বার পড়া হয়েছে
কুমিল্লায় নিখোঁজ কিশোর অপ্রতিমের মরদেহ উদ্ধারের সময় তার শরীরে একটি শেয়াল কামড়াচ্ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আরিফুল ইসলাম।
আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে কুমিল্লার কোটবাড়ি এলাকার পশ্চিম সানন্দার একটি জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী মো. আরিফুল ইসলাম বলেন, ‘আমরা সকাল থেকেই অপ্রতিমকে খুঁজছিলাম। দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় এক ব্যক্তির কাছে জঙ্গলের মধ্যে একটি শিশু পড়ে থাকার খবর পাই। তখন আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখি, অপ্রতিম পড়ে আছে এবং তাকে একটি শেয়াল কামড়াচ্ছিল।’
এ ঘটনায় তুহিন নামে এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজে গতকাল রাতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় এলাকায় ওই ব্যক্তিকে অপ্রতিমের সঙ্গে দেখা গেছে।
এর আগে গতকাল শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে মায়ের মোবাইল ফোন নিয়ে ছবি তুলতে বের হয়ে নিখোঁজ হয় কিশোর অপ্রতিম। এরপর পরিবারের সদস্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী এবং পুলিশ বিভিন্ন স্থানে তার সন্ধানে খোঁজাখুঁজি করেন। প্রায় ২১ ঘণ্টা পর আজ তার মরদেহ উদ্ধার করা হয়।




















