পা কেটেও বাঁচানো গেল না হাবিপ্রবি শিক্ষার্থী জিতুকে, সাত দিন লড়াইয়ের পর না ফেরার দেশে পাড়ি
- আপডেট সময় ০১:০৮:০৫ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
- / ৩৩ বার পড়া হয়েছে
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থী অনন্যা চৌধুরী জিতু আর নেই। সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।
অনন্যা চৌধুরী জিতু বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের পরিসংখ্যান বিভাগের ২০২৩ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তাঁর মৃত্যুতে হাবিপ্রবি ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়, গত ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় ক্যাম্পাস থেকে বাসায় ফেরার পথে দিনাজপুর শহরের বালুবাড়ি এলাকায় দ্রুতগতির একটি ট্রাকের চাকায় পিষ্ট হন জিতু। এতে তাঁর দুই পা গুরুতরভাবে থেঁতলে যায়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। সেখানে তাঁকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল।
চিকিৎসাধীন অবস্থায় গত ২৭ সেপ্টেম্বর তাঁর একটি পা অস্ত্রোপচারের মাধ্যমে কেটে ফেলতে হয়। এরপরও তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়নি। শেষ পর্যন্ত বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
জিতুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হাবিপ্রবি ক্যাম্পাসে নেমে আসে শোকের আবহ। সহপাঠী, শিক্ষক, সিনিয়র-জুনিয়রসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন। তাঁরা জিতুর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।






















