ভারতকে ২৭-০ গোলে উড়িয়ে শেষ ষোলোতে বেনিন
- আপডেট সময় ১১:৩৬:০৭ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
- / ১৩ বার পড়া হয়েছে
মঙ্গলবার ভারতকে ২৭-০ গোলে হারিয়ে অনূর্ধ্ব-১৮ স্কুল বিশ্বকাপের শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে বেনিন। এর মধ্য দিয়ে গ্রুপ ‘বি’-তে টানা দুই দিনে দ্বিতীয় জয় তুলে নিয়েছে দলটি, যারা ‘স্কুল চিতা’ নামে পরিচিত।
৮০ মিনিটের ম্যাচে বেনিনের আক্রমণের সামনে দাঁড়াতেই পারেনি ভারতীয় দল। জন ইথান হুন্তিনমে, ফ্রাঁসোয়া আদিসা ও ওসভালদো সেমেভো লোকো চারটি করে গোল করেছেন। ইজুদিন বুকারি করেছেন হ্যাটট্রিক। এছাড়া ভারতের খেলোয়াড়দের দু’টি আত্মঘাতী গোলও ব্যবধান বাড়িয়েছে।
কাতারকে ৭-০ গোলে হারানোর ২৪ ঘণ্টা পর আবারো বড় ব্যবধানে জয় পেয়েছে বেনিনের যুবারা। দুই ম্যাচে তাদের গোলসংখ্যা ৩৪, বিপরীতে কোনো গোল হজম করতে হয়নি।
গ্রুপ ‘বি’-এর অন্য ম্যাচে চীন-২ দল কাতারকে ৬-০ গোলে হারিয়েছে। প্রথম দিনেই ভারত আইএসএসও-২-কে ১৫-০ গোলে পরাজিত করেছিল স্বাগতিক দেশের দলটি। ফলে বেনিন ও চীন দুই দলেরই পয়েন্ট এখন ছয়। তবে গোল ব্যবধানে এগিয়ে রয়েছে সেভেরিন ডানহার শিষ্যরা। বেনিনের গোল ব্যবধান +৩৪, আর চীনের +২১।
দুই দলই এখন পয়েন্টশূন্য কাতার ও ভারতের নাগালের বাইরে। গ্রুপের শীর্ষ দুই দল শেষ ষোলোতে যাওয়ায় গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগেই পরবর্তী রাউন্ড নিশ্চিত করেছে বেনিন।
এই টুর্নামেন্টে টানা তৃতীয়বারের মতো অংশ নিচ্ছে বেনিন দল। ২০২৩ সালে পঞ্চম এবং ২০২৪ সালে ১৯তম স্থান অর্জন করেছিল তারা। বাসস

























