ছাত্রদল নেতা শাকিল হত্যা
জানাজায় এমপি’র বক্তব্যকালে ভুয়া ভুয়া স্লোগান
- আপডেট সময় ০৬:৫৪:১৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
- / ৩৩ বার পড়া হয়েছে
নাটোরের গুরুদাসপুরে নিহত পৌর ছাত্রদলের সদস্য সচিব শাকিল ইসলাম (৩২) হত্যা মামলায় নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের এমপি আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে গ্রেপ্তার দেখিয়ে গতকাল মঙ্গলবার বিকালে আদালতে হাজির করে পুলিশ। এ সময় ১০ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে গতকাল রাতে শাকিলের জানাজায় আব্দুল আজিজ বক্তব্য দেয়ার সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় নেতা-কর্মীরা ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন।
বক্তব্যে এমপি আব্দুল আজিজ নিহতের পরিবারকে বিশ লাখ টাকা সহায়তা করার ঘোষণা দিয়েছেন। অপরদিকে জানাজা শেষে বিক্ষোভকারীরা একটি শপিংমল ভাঙচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ উঠেছে।
গত সোমবার রাতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় শাকিলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নাটোরের গোয়েন্দা শাখার পুলিশ এমপি আব্দুল আজিজের ছেলে নুরুজ্জামান মিন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে জেলা ডিবি কার্যালয়ে নিয়ে যায়। এরআগে ১৯ অক্টোবর নিহত শাকিলের বাবা রবিউল ইসলাম বাদী হয়ে গুরুদাসপুর থানায় অজ্ঞাত ৮-১০ জনকে আসামি করে একটি এজাহার দায়ের করেন।
নিহত শাকিল ইসলাম গুরুদাসপুর পৌর শহরের খামারনা চাচকৈড় টলটলিপাড়া গ্রামের রবিউলের ছেলে।
উল্লেখ্য, গত ১৪ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে শাকিল ইসলাম তার বাড়িতে যাওয়ার সময় বিল চলন শামসুজ্জোহা কলেজের পাশে পেছন থেকে একটি মোটরসাইকেলে এসে তাকে ধারালো ছুরি দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে ফেলে পালিয়ে যায়। একই সময় একটি ফাঁকা গুলিও ছোড়েন তারা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় শাকিল ইসলামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়।
নাটোরের শহীদ শামসুজ্জোহা কলেজে গতকাল মঙ্গলবার জানাজায় অংশ নেন জাতীয় সংসদের হুইপ ও নাটোরের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ বিএনপি’র নেতৃবৃন্দ। জানাজা পূর্ব সমাবেশে স্থানীয় এমপি আবদুল আজিজ বক্তব্য দেওয়া শুরু করলে নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এ সময় ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন বিক্ষুব্ধরা। এসব উপেক্ষা করে আব্দুল আজিজ নিহত শাকিলের পরিবারকে ২০ লাখ টাকা প্রদানের ঘোষণা দেন।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘ছাত্রদল নেতা শাকিলের হত্যাকারীদের বিচার অবশ্যই নিশ্চিত করা হবে। এর পেছনে যেই জড়িত থাকুক তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। আর কোনো নেতা বা কর্মীর যাতে রক্ত না ঝরে সে ব্যাপারে দল কঠোর ব্যবস্থা নেবে।’
অপরদিকে শাকিল ইসলামের জানাজার পরপরই এক প্রবাসীর মালিকানাধীন শপিংমলে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার চাঁচকৈড় বাজারে রাশ মেগামলে এ ঘটনা ঘটে।
শপিং মলটির স্বত্বাধিকারী যুক্তরাষ্ট্রপ্রবাসী রাসেল হোসাইন। স্থানীয় মানুষদের ভাষ্য, শাকিল হত্যা মামলায় গ্রেপ্তার নাটোর-৪ আসনের এমপি আবদুল আজিজের বড় ছেলে নূরুজ্জামানের সঙ্গে রাসেলের ঘনিষ্ঠতা আছে। এর জেরে এ ঘটনা ঘটতে পারে।
অপরদিকে এ ঘটনার পর এমপি পুত্র নুরুজ্জামান মিন্টুকে যুবদলের সকল পদ পদবি ও দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় যুবদল।



















