প্রিজাইডিং কর্মকর্তার কার্ডে ছবি নেই, অভিযোগ জামায়াত প্রার্থীর
- আপডেট সময় ০১:২২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
- / ৩৬ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের পরিচয়পত্রে ছবি না থাকার অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী মো. দেলাওয়ার হোসেন। একই সঙ্গে কয়েকটি কেন্দ্রে তাঁর দলের পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগও পেয়েছেন বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ঠাকুরগাঁও পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আদর্শ স্কুল কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের কাছে এসব অভিযোগ করেন দেলাওয়ার হোসেন।
তিনি বলেন, কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তার গলায় থাকা পরিচয়পত্রে কোনো ছবি নেই। সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের পরিচয়পত্রেও ছবি নেই বলে তিনি শুনেছেন। পরিচয়পত্রে ছবি না থাকলে দায়িত্ব পালনকারী ব্যক্তি প্রকৃত কর্মকর্তা কি না, তা নিশ্চিত হওয়া কঠিন। অন্য কেউ ওই পরিচয়ে দায়িত্ব পালন করতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। বিষয়টিকে উদ্বেগজনক বলে মন্তব্য করেন জামায়াতের এ প্রার্থী।
নির্বাচনী পরিবেশ নিয়ে দেলাওয়ার হোসেন বলেন, ভোটগ্রহণ মাত্র শুরু হয়েছে। তাই এখনই সার্বিক পরিস্থিতি সম্পর্কে মন্তব্য করার সময় আসেনি। আরও কিছু সময় গেলে প্রকৃত অবস্থা বোঝা যাবে।
তবে কয়েকটি কেন্দ্রে তাঁর দলের পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ পাওয়ার কথা জানান তিনি। দেলাওয়ার হোসেন বলেন, ভোটকেন্দ্রে প্রবেশের সময় তাঁকে এ বিষয়ে জানানো হয়েছে। পরে কেন্দ্র থেকে বের হয়ে অভিযোগের সত্যতা যাচাই করবেন এবং কোথায় এ ঘটনা ঘটেছে, তা খোঁজ নেবেন।
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী বলে জানান জামায়াতের প্রার্থী। একই সঙ্গে ভোটাররা স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পেলে নির্বাচনের যে ফলাফলই আসুক, তা মেনে নেবেন বলেও জানান তিনি। তাঁর মতে, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের ফল মেনে নেওয়াই গণতান্ত্রিক প্রক্রিয়া।
প্রসঙ্গত, ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লী উপজেলা নিয়ে গঠিত এ আসনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন- বিএনপির মির্জা ফয়সল আমীন (ধানের শীষ), জামায়াতে ইসলামীর মো. দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী (বটগাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক (ডাব)।
উল্লেখ্য, নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৪০ জন। তাঁদের ভোটাধিকার প্রয়োগের জন্য ১৮৫টি কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলায় ১১৩টি, রুহিয়ায় ৩৩টি এবং ভুল্লী উপজেলায় ৩৯টি কেন্দ্র রয়েছে। ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করছে।


















