হাবিপ্রবির ২৬তম ব্যাচের ৩০০ শিক্ষার্থী নিয়ে ছাত্রশিবিরের শিক্ষাসফর
- আপডেট সময় ১০:৫০:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
- / ৪০ বার পড়া হয়েছে
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২৬তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের নিয়ে শিক্ষাসফরের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের হাবিপ্রবি শাখা। এতে বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩০০ নবীন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। শিক্ষাসফরে শিক্ষার্থীদের নৈতিকতা, মূল্যবোধ, একাডেমিক দক্ষতা ও ক্যাম্পাসজীবন নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।
শাখা সভাপতি রেজওয়ানুল হকের সভাপতিত্বে আয়োজিত এ শিক্ষাসফরে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মোহাম্মদ ইব্রাহীম, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার সভাপতি মুজাহিদ ফয়সাল, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দার এবং জয়পুরহাট জেলা সভাপতি আশরাফুল আলম।
প্রধান অতিথির বক্তব্যে রাবি শাখার সভাপতি মুজাহিদ ফয়সাল বলেন, নৈতিকতা ও যোগ্যতার সমন্বয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে। উন্নত বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের কেবল একাডেমিক দক্ষতা অর্জনের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না; পাশাপাশি নৈতিক মূল্যবোধ, সততা ও আদর্শিক চরিত্র গঠনের প্রতিও মনোযোগী হতে হবে।
শিক্ষাসফরে অংশ নেওয়া হাবিপ্রবির এক নবীন শিক্ষার্থী বলেন, ‘ছাত্রশিবিরের এই আয়োজন অত্যন্ত চমৎকার ছিল। ভাইয়েরা আমাদের ক্যাম্পাসজীবন সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনামূলক কথা বলেছেন। আমরা পুরো পাহাড়পুর বৌদ্ধবিহার ঘুরে দেখেছি। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ, খুব ভালো একটি অভিজ্ঞতা হয়েছে।’
আয়োজন সম্পর্কে হাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সভাপতি রেজওয়ানুল হক বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের অসহযোগিতা সত্ত্বেও আমরা একটি চমৎকার শিক্ষাসফরের আয়োজন করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এতে প্রায় ৩০০ নবীন শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। আয়োজন সফল করতে সংশ্লিষ্ট সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই।’



















