শিক্ষা সফরের বাস ডোবায় পড়ে শিক্ষিকাসহ দুজনের প্রাণহানি, আহত ৩০
- আপডেট সময় ১২:২৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
- / ২৭ বার পড়া হয়েছে
আমরা দুটি বাসযোগে শিক্ষা সফরে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। আমাদের বাসটি সামনে ছিল, আর পেছনে ছিল দুর্ঘটনাকবলিত বাসটি। হঠাৎ খবর পেলাম, পেছনের বাসটি ডোবায় পড়ে গেছে। ঘটনাস্থলে গিয়ে দেখি, পুরো বাস পানিতে ডুবে যাওয়ার আশঙ্কায় বাঁচার আকুতি নিয়ে সবাই চিৎকার করছিলেন। সামনের সিটে থাকা আমাদের এক শিক্ষিকা ও আরেক শিক্ষিকার স্বামী আর বেঁচে নেই।
কথাগুলো বলতে গিয়ে যেন বারবার থমকে যাচ্ছিলেন বাকশীমূল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার আলিম পরীক্ষার্থী মো. তরিকুল ইসলাম। যে যাত্রা হওয়ার কথা ছিল আনন্দ আর স্মৃতির, সেই যাত্রাই মুহূর্তে পরিণত হয়েছে শোক আর কান্নার ঘটনায়।
শনিবার (৭ নভেম্বর) ভোর ৪টার দিকে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাট রেলক্রসিং সংলগ্ন কেবিএম ইটভাটার সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে একটি ডোবায় পড়ে যায় শিক্ষা সফরের একটি বাস।
এতে মাদ্রাসাটির অর্থনীতি বিভাগের প্রভাষক সোহানা আফরোজ (৪৫) এবং একই মাদ্রাসার বাংলা বিভাগের প্রভাষক নাদেরা আফরোজের স্বামী সাখাওয়াত হোসেন ইসরাফিল (৫৬) নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকা এবং কর্মচারী।
তরিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি। স্থানীয় গাড়িচালক, ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও থানা পুলিশের সদস্যরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে উদ্ধারকাজে অংশ নেন। তাদের দ্রুত পদক্ষেপ ও সহযোগিতায় আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো সম্ভব হয়েছে। এমন ভয়াবহ পরিস্থিতিতে তারা যেভাবে পাশে দাঁড়িয়েছেন, তা আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।
দুর্ঘটনার পর অপর বাসটি ঘটনাস্থলে পৌঁছা মাত্রই নেমে আসে শোকের ছায়া। যে শিক্ষক-শিক্ষার্থীরা একসঙ্গে আনন্দভ্রমণে বের হয়েছিলেন, তাদেরই কয়েকজনকে হাসপাতালে নিতে হয়েছে আহত অবস্থায়। সহযাত্রীদের হারানোর বেদনায় ভেঙে পড়েন অনেকে। আনন্দঘন একটি শিক্ষা সফর মুহূর্তেই রূপ নেয় স্বজন হারানোর কান্না আর বিষাদে।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আবছার বলেন, নিহত দুজনের মরদেহ পুলিশের হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।



















