ধামরাইয়ে বিএনপি নেতার বাসসহ দুই বাসে আগুন
- আপডেট সময় ০১:০৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
- / ২৪ বার পড়া হয়েছে
ঢাকার ধামরাইয়ে টানা দুই রাতে পৃথক স্থানে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি বাসের মালিক স্থানীয় বিএনপি নেতা শহিদুল ইসলাম। ফায়ার সার্ভিসের হিসাবে, আগুনে বাস দুটির প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কেউ আহত হননি। দুটি ঘটনায় প্রায় ৯ লাখ টাকার সম্পদ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
শুক্রবার দিবাগত রাত ২টা ২৬ মিনিটের দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের শ্রীরামপুর এলাকায় স্কয়ার হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা পল্লী সেবা পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো-জ-৩২৬০) আগুন দেয় দুর্বৃত্তরা। বাসটির মালিক সুতিপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম।
খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। স্টেশন কর্মকর্তা আল আমিন খানের নেতৃত্বে ফায়ার সার্ভিসের কর্মীরা রাত ৩টা ২০ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, এ ঘটনায় বাসটির আনুমানিক ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। উদ্ধার করা হয়েছে প্রায় ৫ লাখ টাকার সম্পদ।
বিএনপি নেতা শহিদুল ইসলাম বলেন, প্রতি রাতের মতো শুক্রবার রাতেও ঢাকা-আরিচা মহাসড়কের শ্রীরামপুর এলাকায় স্কয়ার হাসপাতালের সামনে বাসটি দাঁড় করিয়ে রাখা হয়েছিল। গভীর রাতে দুর্বৃত্তরা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় পরিবারের সঙ্গে আলোচনা করে থানায় অভিযোগ দেওয়া হবে।
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতেও ধামরাই থানা রোডে ধামরাই পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে মেরামতাধীন পাভেল পরিবহনের একটি বাসে (চট্ট মেট্রো-জ-০৪-০১৩৯) আগুন দেয় দুর্বৃত্তরা।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। রাত ৩টা ১০ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের হিসাবে, এ ঘটনায় বাসটির আনুমানিক ২ লাখ টাকার ক্ষতি হয়েছে এবং ৪ লাখ টাকার সম্পদ উদ্ধার করা হয়েছে। তবে অগ্নিকাণ্ডের কারণ তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, দুই রাতে দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা নাশকতা, নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



















