কুমিল্লায় ঘুস ছাড়া মিলছে না সরকারি সেবা
‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’
- আপডেট সময় ০৩:১৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
- / ২৮ বার পড়া হয়েছে
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা হিসাবরক্ষণ অফিসে ঘুস ছাড়া মিলছে না সরকারি সেবা। বেতন বৃদ্ধির পে-ফিক্সেশনে ফাইলপ্রতি ৫০০ টাকা এবং নতুন পেনশনের ফাইল নিষ্পত্তিতে ৩০ হাজার টাকার বেশি ঘুস দাবির অভিযোগ উঠেছে।
অভিযোগের কেন্দ্রে রয়েছেন ওই অফিসের সুপারভাইজার এম এম মোহাইমেন। চাহিদা মতো টাকা না দিলে সার্ভার জটিলতা, কাগজপত্রে ত্রুটি ও নানা অজুহাতে ফাইল আটকে রাখার অভিযোগও রয়েছে। এতে বেতন-ভাতা ও পেনশনসংক্রান্ত সেবা নিতে গিয়ে চরম ভোগান্তিতে পড়ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারের ঘোষিত বেতন বৃদ্ধি কার্যকর করতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পে-ফিক্সেশন সম্পন্ন করতে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপজেলা হিসাবরক্ষণ অফিসে আবেদন জমা দিতে হয়।
অভিযোগ রয়েছে, এসব ফাইল যাচাই ও নিষ্পত্তির জন্য প্রতিটি ফাইলে ৫০০ টাকা করে দাবি করা হয়। টাকা না দিলে দিনের পর দিন ফাইল আটকে রাখা হয়।
সম্প্রতি এক সরকারি কর্মকর্তার পে-ফিক্সেশন ফাইলের কাজ সম্পন্ন করার পর তার কাছে ৫০০ টাকা দাবি করা হয়। ওই কর্মকর্তার ভাষ্য, সরাসরি টাকা না চেয়ে ইঙ্গিতপূর্ণ কথাবার্তার মাধ্যমে অর্থ দাবি করা হয়। একপর্যায়ে তাকে বলা হয়, ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’ পরে হয়রানি এড়াতে তিনি টাকা দিতে বাধ্য হন।
হিসাবরক্ষণ অফিসের আওতায় নাঙ্গলকোট উপজেলার প্রায় ১ হাজার ৪০০ সরকারি কর্মকর্তা-কর্মচারী বেতন-ভাতা উত্তোলন করেন। অভিযোগ অনুযায়ী, প্রত্যেকের পে-ফিক্সেশন ফাইলে ৫০০ টাকা করে নেওয়া হলে মোট অর্থের পরিমাণ দাঁড়ায় প্রায় ৭ লাখ টাকা।
শুধু পে-ফিক্সেশন নয়, নতুন পেনশনের ফাইল নিষ্পত্তিতেও মোটা অঙ্কের টাকা দাবির অভিযোগ রয়েছে। ভুক্তভোগীদের দাবি, একটি নতুন পেনশনের ফাইল সম্পন্ন করতে ৩০ হাজার টাকার বেশি দিতে হয়। চাহিদামতো টাকা না দিলে কাগজপত্রে সমস্যা রয়েছে জানিয়ে ফাইল আটকে রাখা হয়। এতে দীর্ঘদিন চাকরি শেষে অবসরে যাওয়া কর্মকর্তা-কর্মচারীদের প্রাপ্য পেনশন পেতেও বিলম্ব হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক সরকারি কর্মকর্তা ও শিক্ষক নেতা বলেন, হিসাবরক্ষণ অফিসে গেলে এমন আচরণ করা হয়, যেন আমরা তাদের কাছে টাকা জমা রেখেছি। টাকা না দিলে নানা অজুহাতে হয়রানি করা হয়। কাগজপত্রে সমস্যা আছে বলে ফাইল আটকে রাখা হয়। অথচ টাকা দিলে কাজ দ্রুত হয়ে যায়।
তাদের অভিযোগ, সরকারি দপ্তরে সেবা নিতে এসে এভাবে অর্থ দাবির কারণে কর্মকর্তা-কর্মচারীরা বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন। বিশেষ করে অবসরপ্রাপ্ত ব্যক্তিদের পেনশনসংক্রান্ত কাজে এমন হয়রানি তাদের দুর্ভোগ আরও বাড়িয়ে দিচ্ছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সুপারভাইজার এম এম মোহাইমেন বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগগুলো সঠিক নয়। পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।
নাঙ্গলকোট উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আব্দুল মালেক বলেন, আমাদের অফিসে কাউকে আসতে হচ্ছে না। তারা অনলাইনে বসেই প্রয়োজনীয় কাগজপত্র লিপিবদ্ধ করবেন। এরপর আমরা সেগুলো যাচাই করে সাবমিট করব। প্রতি ফাইলে ৫০০ টাকা নেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমরা কারও কাছ থেকে একটি টাকাও নিইনি।
এ বিষয়ে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু রায়হান বলেন, বিষয়টি আরও কয়েকজনের মাধ্যমেও জেনেছি। খোঁজ নিয়ে দোষী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।



















