গোপালগঞ্জে হঠাৎ বন্ধ বিকাশ ও নগদ সেবা, কাস্টমার কেয়ার ও এজেন্ট পয়েন্টে তালা
- আপডেট সময় ০৪:০১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
- / ২৪ বার পড়া হয়েছে
গোপালগঞ্জে হঠাৎ বন্ধ হয়ে গেছে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ ও নগদের কার্যক্রম। জেলার প্রধান কাস্টমার কেয়ার সেন্টার, ডিস্ট্রিবিউশন অফিসসহ অধিকাংশ এজেন্ট পয়েন্টে ঝুলছে তালা। এতে টাকা পাঠানো, উত্তোলন ও জরুরি লেনদেন করতে না পেরে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে গোপালগঞ্জ শহরের বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, বিকাশ ও নগদের অধিকাংশ এজেন্ট পয়েন্ট বন্ধ রয়েছে। যেসব দোকান খোলা আছে, সেখানেও কোনো ধরনের লেনদেন হচ্ছে না। একই চিত্র জেলা শহরের কাস্টমার কেয়ার সেন্টারগুলোতে। সেবা নিতে এসে অফিস বন্ধ পেয়ে ফিরে যাচ্ছেন অনেক গ্রাহক।
কাস্টমার কেয়ারের সামনে অপেক্ষমাণ গ্রাহক জিল্লুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, সকাল থেকে টাকার জন্য ঘুরছি। দোকানে গেলে বলছে সার্ভার বন্ধ, নয়তো টাকা নেই। কাস্টমার কেয়ারে এসে দেখি তালা ঝুলছে। জরুরি চিকিৎসার প্রয়োজনে টাকা পাঠাতে হবে, কিন্তু কোনো উপায় পাচ্ছি না।
টুঙ্গিপাড়ার মাছ ব্যবসায়ী মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, তাঁর ছেলে বরিশালে পড়াশোনা করে। জরুরি প্রয়োজনে ছেলের কাছে টাকা পাঠানো দরকার। কিন্তু বিকাশ বন্ধ থাকায় টাকা পাঠাতে পারছেন না। এভাবে ভোগান্তি আর কত দিন চলবে, তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি।
জুতা ব্যবসায়ী মহসিন জানান, ঢাকা থেকে তাঁর দোকানের মালামাল আসার কথা। কিন্তু বিকাশের মাধ্যমে টাকা পরিশোধ করতে না পারায় বিপাকে পড়েছেন তিনি। একইভাবে জেলা শহরের লঞ্চঘাট এলাকার পান ব্যবসায়ী রফিক বলেন, জরুরি প্রয়োজনে ঢাকায় টাকা পাঠানো প্রয়োজন। কিন্তু সেবা বন্ধ থাকায় তা সম্ভব হচ্ছে না।
টুঙ্গিপাড়া সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সজীব বলেন, আগামী সপ্তাহে তাঁর পরীক্ষা। বাসা থেকে পড়াশোনার খরচ পাঠানোর কথা থাকলেও বিকাশ অ্যাকাউন্ট ব্লক থাকায় টাকা পাচ্ছেন না।
এ বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে এজেন্ট ও ডিস্ট্রিবিউশন কর্মকর্তা ইমাম ফারুক জানান, গোপালগঞ্জে লকডাউনকে কেন্দ্র করে সাময়িকভাবে মোবাইল ব্যাংকিং কার্যক্রম বন্ধ রয়েছে। তবে আগামী ৩০ নভেম্বর থেকে সেবা পুনরায় চালু হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।
হঠাৎ এভাবে মোবাইল ব্যাংকিং সেবা বন্ধ থাকায় সাধারণ গ্রাহক, ব্যবসায়ী ও শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। দ্রুত সেবা স্বাভাবিক করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।



















