মাহমুদুর রহমানের বাসায় পুলিশ: সরকারের দেউলিয়াত্বের নির্মম দৃষ্টান্ত বললেন ডা. ইরান
- আপডেট সময় ০৬:১১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
- / ২৮ বার পড়া হয়েছে
দৈনিক আমার দেশ সম্পাদক প্রকৌশলী মাহমুদুর রহমানের বাসায় শেখ হাসিনার কথিত মানহানির মামলায় গ্রেফতারি পরোয়ানা নিয়ে পুলিশের উপস্থিতির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।
বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদী শাসনের অবসানের পর মানুষ আশা করেছিল দেশে আইনের শাসন, ন্যায়বিচার, গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতা প্রতিষ্ঠিত হবে। অথচ পতিত স্বৈরাচার শেখ হাসিনার আমলে করা একটি পুরোনো মানহানির মামলায় হাইকোর্টের স্থগিতাদেশ থাকার পরও গ্রেফতারি পরোয়ানা নিয়ে পুলিশ মাহমুদুর রহমানের বাসায় গেছে, যা অত্যন্ত উদ্বেগজনক। তার মতে, এ ঘটনা জুলাই অভ্যুত্থান-পরবর্তী সরকারের প্রশাসনিক ব্যর্থতা, সমন্বয়হীনতা এবং রাজনৈতিক সদিচ্ছার দেউলিয়াত্বের নির্মম দৃষ্টান্ত।
তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কারও রাজনৈতিক পরিচয় বা অতীতের ক্ষমতাসীনদের করা মামলার অন্ধ অনুসারী হতে পারে না। আদালতের স্থগিতাদেশ যাচাই না করেই পরোয়ানা তামিলের চেষ্টা পুলিশের পেশাদারিত্ব ও দায়িত্বশীলতাকে প্রশ্নের মুখে ফেলেছে। পাশাপাশি আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান তিনি।
বিবৃতিতে লেবার পার্টির চেয়ারম্যান ঘটনার অবিলম্বে নিরপেক্ষ তদন্ত, পুরোনো রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলোর আইনানুগ পর্যালোচনা এবং সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানান। তিনি সতর্ক করে বলেন, তা না হলে জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে সরকারের কর্মকাণ্ডের এই বৈপরীত্য গণতন্ত্রকামী মানুষের মধ্যে গভীর হতাশা তৈরি করবে।



















