সাবেক আ. লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি-যুবদলের বিক্ষোভ
- আপডেট সময় ০৩:৩১:০৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
- / ১৫ বার পড়া হয়েছে
শরীয়তপুরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সাবেক এক নেতাকে সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তারের প্রতিবাদে এবং তার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইউনিয়ন বিএনপি ও যুবদলের নেতা-কর্মীদের একাংশ। মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের গয়াতলা বাজারে এই বিক্ষোভ মিছিলের ঘটনা ঘটে। মিছিলটি বাজারে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে বিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লিটন মুন্সিকে তার বিনোদপুর বাজারের নিজ বাড়ি থেকে আটক করে পালং মডেল থানা পুলিশ।
বিএনপির বিনোদপুর ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সরদার বলেন, ‘এটি কোনও দলীয় কর্মসূচি ছিল না। কিছু ব্যক্তি নিজেদের উদ্যোগে এই মিছিল করেছেন।’
ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হারুন সরদার, যুবদল নেতা মাহফুজ সরদার, বোরহান মোল্লার নেতৃত্বে এই মিছিল অনুষ্ঠিত হয়েছে বলে দাবি করেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে যুবদল নেতা মাহফুজ সরদার বলেন, ‘আসাদুজ্জামান লিটন মুন্সি আগে আওয়ামী লীগ করলেও পরে তিনি বিএনপিতে যোগ দিয়েছেন। তাই আমরা তার মুক্তির দাবি জানিয়েছি। কিন্তু হাইব্রিড বিএনপির একটি অংশ বিষয়টি নিয়ে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।’
জেলা বিএনপির সহ-সভাপতি শাহ আবদুস সালাম বলেন, ‘আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দেখেছি শরীয়তপুর সদর উপজেলার ইউনিয়নে বিএনপির নেতা-কর্মীরা মিছিল করেছে। এর বেশি আমি কিছু বলতে পারবো না।’
আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপির একাংশের মিছিল করায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শরীয়তপুর জেলার সাবেক আহ্বায়ক ইমরান আল নাজির। তিনি বলেন, সরকারবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া একজন আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপির নেতা-কর্মীদের মিছিল করা জনগণের প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক। এটি রাজনৈতিকভাবে প্রশ্নবিদ্ধ একটি ঘটনা।
তিনি আরও বলেন, যদি আদালতের মাধ্যমে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়, তখন তারা রাজনীতি করতে পারবে। অন্যথায় এ ধরনের কার্যক্রম গ্রহণযোগ্য নয়।
পালং মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আবীর হোসেন বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে অংশগ্রহণ ও সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিনোদপুর বাজারের নিজ বাড়ি থেকে আসাদুজ্জামান লিটন মুন্সিকে আটক করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।























