‘জুলাই সনদ’ বাস্তবায়ন না হওয়ায় ১৭ আইন কর্মকর্তার পদত্যাগ
- আপডেট সময় ০৬:৩১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
- / ৪৪ বার পড়া হয়েছে
তিনটি সুনির্দিষ্ট নীতিগত সিদ্ধান্তের প্রতিবাদে অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে একযোগে পদত্যাগ করেছেন জামায়াতপন্থী ১৭ জন আইন কর্মকর্তা। এর মধ্যে সাতজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) এবং ১০ জন সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) রয়েছেন।
আজ মঙ্গলবার বিকেল ৩টায় অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে একযোগে এই পদত্যাগপত্র জমা দেন তারা।
পদত্যাগকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেল তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পদত্যাগকারী সাতজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন অ্যাডভোকেট ইউসুফ আলী, শফিকুর রহমান, আবদুল করিম, ফরিদ উদ্দিন খান, গোলাম রহমান ভুঁইয়া, আসাদ উদ্দিন ও তারিকুল ইসলাম।
অন্যদিকে পদত্যাগকারী ১০ জন সহকারী অ্যাটর্নি জেনারেল হলেন ইমরুল কায়েছ রানা, হুমায়ুন কবির তানিম, আবদুল কাইয়ুম ভুঁইয়া, আবদুল্লাহিল মারুফ ফাহিম, জোয়াদুর রহমান, শামসিল আরেফিন, মাহাবুবা আক্তার রলি, নূর নবী উজ্জ্বল, আল রেজা আমির ও রেজাউল ইসলাম।
পদত্যাগের পর আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইন কর্মকর্তাদের পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইউসুফ আলী তাদের এই সিদ্ধান্তের পেছনে তিনটি মূল কারণ উল্লেখ করেন। তিনি বলেন, ‘বর্তমান সরকার কর্তৃক ‘জুলাই সনদ’ বাস্তবায়ন না করা, সুপ্রিম কোর্ট সচিবালয় নিয়োগ অধ্যাদেশ এবং সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ অধ্যাদেশ বাতিল করার প্রতিবাদে আমরা নীতিগত অবস্থান থেকে একযোগে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’
আইন কর্মকর্তারা অভিযোগ করেন, এই অধ্যাদেশগুলো বাতিল এবং জুলাই সনদ বাস্তবায়ন না হওয়ার ফলে বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক সংস্কার প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে, যার প্রতিবাদ জানানো তাদের পেশাগত দায়িত্বের অংশ।

















