এই মুহূর্তে গণঅধিকার পরিষদ সরে গেলে বিএনপির ভিত নড়ে যাবে: ফরিদপুর জেলা সভাপতি ফরহাদ
- আপডেট সময় ১০:৪১:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
- / ২৪ বার পড়া হয়েছে
এই মুহূর্তে গণঅধিকার পরিষদ সরে গেলে বিএনপির ভিত নড়ে যাবে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের ফরিদপুর জেলা সভাপতি ফরহাদ হোসেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘গণঅধিকার পরিষদ বিএনপির জোটসঙ্গী হলেও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত ও অবমূল্যায়ন করা হচ্ছে তাঁদের নেতাকর্মীদের।’ একই সঙ্গে ন্যায্য অধিকার না পেলে বিএনপিকে ফাঁদে ফেলারও হুশিয়ারি জানিয়েছেন তিনি।
আজ সোমবার সন্ধ্যায় ফরিদপুর প্রেস ক্লাবের মিলনায়তনে আলোচনা সভায় এসব মন্তব্য করেন ফরহাদ হোসেন। দলটির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা শাখার উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা বিএনপির প্রতি নানা ক্ষোভ প্রকাশ করেন।
গণঅধিকার পরিষদের ফরিদপুর জেলা সভাপতি ফরহাদ হোসেন বলেন, ‘গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা ৫ আগস্ট পর্যন্ত মাঠে ছিল এবং গণঅভ্যুত্থান সফল হয়েছে। তারপর বিএনপি সরকার ক্ষমতায় এসেছে। সরকারের জোটসঙ্গী হলেও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে গণঅধিকার পরিষদকে।’
এ সময় বিএনপিকে হুশিয়ারি জানিয়ে তিনি বলেন, ‘আপনারা আমাদের সাথে যে আচরণ করছেন তাতে মনে হচ্ছে, আওয়ামী লীগের মতোই আমাদের সঙ্গে আচরণ করছেন। কিন্তু আওয়ামী লীগের সময় একটা ওয়ার্ডের নেতাকর্মীর ভয়ে আপনারা ঘরে থাকতে পারেননি, ধানক্ষেতে ঘুমাতেন। সে সময় গণঅধিকার পরিষদ কথা বলতো, কথা বলার মাধ্যমে বিপ্লব সংঘটিত করে আপনাদের ক্ষমতায় বসিয়েছি। সেই গণঅধিকার পরিষদকে আপনারা কিন্তু ন্যায্য অধিকার দেননি।’
বিএনপিকে উদ্দেশ্য করে ফরহাদ হোসেন বলেন, ‘বিভিন্ন অফিস-আদালতে আপনাদের যে অবস্থা দেখি- গণঅধিকার নেতাকর্মীদের আপনারা মূল্যায়ন করতে চান না। আপনারা হয়তো ভাবছেন লাখ লাখ নেতাকর্মী আছে, হাসিনারও লাখ লাখ নেতাকর্মী ছিল, কিন্তু তিনি এদেশে থাকতে পারেনি, পালিয়েছেন। অতএব জোট সঙ্গীকে মূল্যায়ন করেন। কারণ, এ মুহূর্তে যদি বিএনপির পাশ থেকে গণঅধিকার পরিষদ সরে যায়, তাহলে বিএনপির ভিত নড়ে যাবে।’
ফরহাদ হোসেন আরও বলেন, ‘জামায়াত-এনসিপিও চাচ্ছে গণঅধিকার পরিষদকে বিএনপি থেকে দূরে সরাতে। কিন্তু গণঅধিকারের যে নেতা, তিনি পরিপক্ক নেতা, তিনি ওই ফাঁদে পা দেবেন না। কিন্তু আপনারা সারাদেশে আমাদের সঙ্গে যে আচরণ করছেন, তাতে মনে হচ্ছে- আমরা নতুন ফাঁদ করে বিএনপিকে সেই ফাঁদে ফেলব। ওই ফাঁদ পাততে চাই না, আমরা ন্যায্য অধিকার টুকু চাই।’
এ সময় আরও বক্তব্য দেন- জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ রুবেল, জ্যেষ্ঠ সহ-সভাপতি ফিরোজ শেখ, সহ-সভাপতি মনির চৌধুরী, জিয়া খান, আলীমুজ্জামান লাবলু ও আলমগীর শিকদার, সাংগঠনিক সম্পাদক শেখ জাহিদ হাসান, যুব অধিকার পরিশোধের সাধারণ সম্পাদক বায়েজিদ হোসেন বিপুল, শ্রমিক অধিকার পরিষদের সহ-সভাপতি সোহেল খান সহ অনেকে।
তথ্যসূত্র: সমকাল





















