সিদ্ধেশ্বরী কলেজে ছাত্রদলের মারধরে শিবিরের ৫ নেতাকর্মী আহত
- আপডেট সময় ০৬:০৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
- / ২৬ বার পড়া হয়েছে
রাজধানীর ঢাকার মগবাজারে অবস্থিত সিদ্ধেশ্বরী কলেজে ছাত্রদলের দুই দফায় মারধরে ছাত্রশিবিরের ৫ নেতাকর্মী আহত হয়েছেন। আজ রবিবার (২৮ জুন) দুপুরে এ ঘটনার পর বিকেলে দোষীদের বিচার চেয়ে কলেজের সামনে বিক্ষোভ করেছেন ছাত্রশিবিরের নেতাকর্মীরা।
ঢাকা মহানগর পূর্ব ছাত্রশিবিরের সেক্রেটারি সাইফুল ইসলাম বলেন, ছাত্রশিবিরের রমনা থানার সভাপতি এজিএম বাপ্পিসহ কয়েকজন আজ দুপুরে কলেজের মসজিদে জোহরের নামাজ পড়তে গেলে বহিরাগত বলে হামলা করে ছাত্রদল। এতে দফায় দফায় মারধর করা হয়। এসময় ‘তোরা তো শিবির করিস’ বলেও হামলা করেন তারা।
তিনি আরও বলেন, এ ঘটনার খবর পেয়ে আমি কলেজে গেলে প্রবেশপথে আরেক দফায় হামলা করে। কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সোহেলও এ সময় মারধর করেন। ঘটনার সিসিটিভি ফুটেজ চেক করলে সবকিছু পাওয়া যাবে। এ ঘটনায় ছাত্রশিবিরের ৫ নেতাকর্মী আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ জুলহাস উদ্দিন বলেন, ছাত্রদের দুই গ্রুপে সমস্যা হয়েছিল। পরে পুলিশ এসে সমাধান। কলেজে এখন কোনো ঝামেলা নেই।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম বলেন, ছাত্রদল ও শিবিরের মধ্যে সংঘর্ষে হয়েছে। এতে ৫ জন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
দুপুরে এ ঘটনার পর বিকেলে দোষীদের বিচার চেয়ে কলেজের সামনে বিক্ষোভ করেছেন ছাত্রশিবিরের নেতাকর্মীরা। দোষীদের বিচার চেয়ে এ সময় তাদের নানা স্লোগান দিতে দেখা গেছে। পরে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রশিবিরের নেতারা বক্তব্য রাখেন।



















