অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশের মধ্যে ৯৮টি বাতিল করেছে বিএনপি সরকার: সাবেক ধর্ম উপদেষ্টা
- আপডেট সময় ১০:২২:২২ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
- / ৩০ বার পড়া হয়েছে
অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক ধর্ম উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হাসান দাবি করেছেন, অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৮টি বর্তমান সরকার বাতিল করেছে। এর মধ্যে গুম কমিশন, দুর্নীতি দমন কমিশন (দুদক) ও মানবাধিকার–সংক্রান্ত গুরুত্বপূর্ণ অধ্যাদেশও রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
আজ রবিবার (১২ জুলাই) বিকেলে সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে আয়োজিত ‘জুলাইয়ের অগ্নিঝরা দিনগুলোতে উলামায়ে কেরামের অবদান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় প্রফেসর খালিদ হাসান বলেন, ‘অগ্নিঝরা জুলাই আন্দোলনে এদেশের আলেম সমাজ যেভাবে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে জাতি তা চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে’।
তিনি বলেন, শুধু জুলাই আন্দোলনে নয় বরং ফ্যাসিবাদ বিরুদ্ধে সকল আন্দোলন সংগ্রামে আলেম সমাজ নেতৃত্ব দিয়েছেন। তিনি আরও বলেন, ‘জুলাই বিপ্লব পরবর্তী গঠিত অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতার স্বাদ গ্রহন করতে পারেনি”। কারণ সরকারের দায়িত্ব ছিল অনেক। সরকার সেই দায়িত্ব পালন করতে গিয়ে উপদেষ্টাবৃন্দ রাত-দিন কাজ করেছে। নিজের অসুস্থতার কথা তুলে ধরে তিনি বলেন, যেদিন থাইল্যান্ড থেকে অপারেশন করে দেশে এসেছি সেদিনই জুলাই সনদের পক্ষে গণভোটের প্রচারণায় সিলেট চলে যেতে হয়েছে। কিন্তু নির্বাচিত সরকার গণভোটের রায় মেনে নিয়ে জুলাই সনদ বাস্তবায়নের দিকে হাঁটছে না।’
ড. আ ফ ম খালিদ হাসান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের জারিকৃত ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৮টি বর্তমান সরকার বাতিল করে দিয়েছে! তারমধ্যে গুম কমিশন অধ্যাদেশ, দুদক অধ্যাদেশ, মানবাধিকার অধ্যাদেশ সহ গুরুত্বপূর্ণ অধ্যাদেশ গুলো বাতিল করা হয়েছে! এমন সব অধ্যাদেশ বাতিল করা হয়েছে যার ফলে সেই পুরোনো সংস্কৃতি বিদ্যমান থাকবে। ফলে জুলাইয়ের চেতনা বাস্তবায়ন হবে না। কিন্তু জুলাই চেতনা বিলীন হতে দেওয়া হবে না। জুলাই চেতনা বাস্তবায়নে আমরা ঐক্যবদ্ধ ভূমিকা রাখবো, ইনশাআল্লাহ। তিনি বলেন, ইনশাআল্লাহ আগামী দিনে এদেশে কুরআনের রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে।



















