মিঠামইনে নিজ বাড়ির সামনে বিএনপি সভাপতিকে কুপিয়ে হত্যা
- আপডেট সময় ০৪:২২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
- / ২৩ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি (পদ স্থগিত) জাহেদুল আলম জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ হামলায় তার সঙ্গে থাকা বিএনপির আরেক কর্মী হাদিস মিয়া গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১৫ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে জেলার মিঠামইন উপজেলার সদর ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় জাহেদুল আলম জাহাঙ্গীরের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
মিঠামইন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আবদুল আওয়াল জানান, রাতে হাদিস মিয়াকে সঙ্গে নিয়ে বাজার থেকে বাড়ি ফিরছিলেন জাহেদুল আলম জাহাঙ্গীর। বাড়ির কাছে পৌঁছালে ৩ থেকে ৪ জন অজ্ঞাত ব্যক্তি তাদের পথরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।
স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে প্রথমে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নেন। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে অবস্থার অবনতি হলে পরে তাদের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জাহেদুল আলম জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন।
শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আনন্দ বসাক বলেন, রাত সাড়ে ১১টার দিকে দুজনকে হাসপাতালে নিয়ে আসা হলে জাহেদুল আলম জাহাঙ্গীরকে মৃত অবস্থায় পাওয়া যায়। আহত হাদিস মিয়াকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে। তবে হত্যাকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ হত্যাকাণ্ডের পর মিঠামইন উপজেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পেছনের কারণ এবং হামলাকারীদের পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে।



















