মাদরাসা শিক্ষককে তুলে নিয়ে পেটালেন আ’লীগ নেতা
- আপডেট সময় ০৫:১৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
- / ৯ বার পড়া হয়েছে
রংপুরের পীরগঞ্জে ব্যাংক থেকে তুলে নিয়ে এক মাদরাসা শিক্ষককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে জিয়াউর রহমান জিয়া নামে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে।
গুরুতর আহত ওই শিক্ষককে প্রথমে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত শিক্ষক গোলাম রব্বানী উপজেলার সরলিয়া টিএম ফাজিল মাদরাসার প্রভাষক হিসেবে কর্মরত। অভিযুক্ত জিয়াউর রহমান জিয়া উপজেলার চতরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শিক্ষক গোলাম রব্বানীর সঙ্গে সুদের (দাদন) ব্যবসার টাকা নিয়ে আওয়ামী লীগ নেতা জিয়াউর রহমানের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে রোববার (২ আগস্ট) দুপুরে চতরা হাটের সোনালী ব্যাংক শাখা থেকে রব্বানীকে তুলে নিয়ে যান জিয়া ও তার অনুসারীরা। পরে তাকে জিয়ার মালিকানাধীন ‘সুমাইয়া বস্ত্র বিতানে’ আটকে রেখে বেধড়ক মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
একপর্যায়ে শিক্ষক গুরুতর অসুস্থ হয়ে পড়লে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ কল দেন স্থানীয়রা। সংবাদ পেয়ে পীরগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।
অভিযোগের বিষয়ে জানতে চতরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়ার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক সোমবার (৩ আগস্ট) দুপুরে জানান, ৯৯৯ থেকে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিক্ষককে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



















