তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ১৮ হাজার কোটি টাকা
- আপডেট সময় ০৫:০১:১৪ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
- / ২৭ বার পড়া হয়েছে
দেশের ব্যাংক খাতে শ্রেণিকৃত ঋণের পরিমাণ উদ্বেগজনক হারে বাড়ছে। চলতি বছরের মার্চ থেকে জুন-মাত্র তিন মাসের ব্যবধানে ব্যাংকিং খাতে শ্রেণিকৃত ঋণ বেড়েছে প্রায় ১৭ হাজার ৮৫১ কোটি টাকা। একই সময়ে মোট ঋণের বিপরীতে শ্রেণিকৃত ঋণের হারও বেড়েছে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুন শেষে দেশের ব্যাংক খাতে শ্রেণিকৃত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা। এ সময়ে মোট বিতরণ করা ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংশই শ্রেণিকৃত।
এর আগে চলতি বছরের মার্চ শেষে শ্রেণিকৃত ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকা, যা মোট ঋণের ৩২ দশমিক ২৬ শতাংশ।
অর্থাৎ তিন মাসের ব্যবধানে শ্রেণিকৃত ঋণ বেড়েছে ১৭ হাজার ৮৫১ কোটি টাকা। একই সময়ে শ্রেণিকৃত ঋণের হার বেড়েছে শূন্য দশমিক ৫২ শতাংশ পয়েন্ট।
ব্যাংক খাতে দীর্ঘদিনের অনিয়ম, দুর্বল ঋণ ব্যবস্থাপনা, বড় ঋণগ্রহীতাদের খেলাপি হয়ে পড়া এবং পুরোনো খেলাপি ঋণ পুনঃতপশিল ও পুনর্গঠনের পরও আদায় না হওয়ায় পরিস্থিতির অবনতি হচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। বিশেষ করে ব্যাংক খাতের প্রকৃত আর্থিক চিত্র তুলে ধরতে বাংলাদেশ ব্যাংকের কঠোর শ্রেণিকরণ নীতির প্রভাবেও খেলাপি ঋণের অঙ্ক বাড়ছে।
শ্রেণিকৃত ঋণের এই ঊর্ধ্বগতি ব্যাংকগুলোর মূলধন সক্ষমতা, মুনাফা এবং নতুন ঋণ বিতরণের সক্ষমতার ওপর বাড়তি চাপ তৈরি করছে। একই সঙ্গে বিপুল অর্থ আটকে থাকায় ব্যাংক খাতের তারল্য পরিস্থিতিও চ্যালেঞ্জের মুখে পড়ছে।









