বাঁধনকে হেনস্তার ঘটনায় ক্ষুব্ধ পরীমনি, বললেন ‘বাচ্চার কান্নাও কিছু না’
- আপডেট সময় ০৬:২৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
- / ১৬ বার পড়া হয়েছে
ইতালির ভেনিসে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে গিয়ে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের হেনস্তার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন চিত্রনায়িকা পরীমনি। পরিবারের সদস্য ও একটি ছোট শিশুর উপস্থিতিতে বাঁধনকে হেনস্তার দৃশ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ প্রতিক্রিয়া জানান তিনি।
ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করে পরীমনি লিখেছেন, ‘বেশি কিছু না। কতগুলা কুকুরের বাচ্চা রাস্তায় ঘেউ ঘেউ করছে। এদের কাছে মানুষের বাচ্চার কান্না কিছুই ম্যাটার করে না। করেও নাই।’
এর আগে ভেনিসের মেস্ত্রে এলাকার একটি পার্কে ভাই ও তার ছোট সন্তানের সঙ্গে অবস্থানকালে হামলার শিকার হন বাঁধন। ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি নিজেদের ‘ভেনিস ছাত্রলীগ’ ও ‘বঙ্গবন্ধুর সৈনিক’ পরিচয় দিয়ে অভিনেত্রীকে ‘জুলাই জঙ্গি’ আখ্যা দেন। এ সময় তাকে গালিগালাজ ও শারীরিকভাবে হেনস্তা করা হয়।
ভিডিওতে বাঁধনের সঙ্গে থাকা শিশুটির কান্নার শব্দও শোনা যায়। শিশুটির উপস্থিতিতেই অভিনেত্রীকে হেনস্তার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন পরীমনি। ঘটনার পর এক ভিডিও বার্তায় বাঁধন জানান, পার্কের মধ্যে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। তার গায়ে কোক ও পানি ছুড়ে মারা হয় এবং মারধরের একপর্যায়ে তার মোবাইল ফোন ফেলে দেয়া হয়। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন বাঁধন। জানা গেছে, ঘটনার পর স্থানীয় ভেনিস থানায় একটি অভিযোগও দায়ের করেছেন তিনি।
উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছিলেন আজমেরী হক বাঁধন। সেই প্রেক্ষাপটেই ভেনিসে তার ওপর হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে ঘটনাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সহশিল্পী ও সাধারণ নেটিজেনদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।



















