অপ্রাপ্তবয়স্ক মেয়েদের হোটেলে রুম ভাড়া দিলে হোটেল মালিক ও ম্যানেজারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা
- আপডেট সময় ০৭:৪৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
- / ৩০ বার পড়া হয়েছে
সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না বলেছেন, কক্সবাজারের আবাসিক হোটেলগুলোতে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের প্রেমিকের সঙ্গে অবস্থানের জন্য রুম ভাড়া দেওয়ার তথ্যপ্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট হোটেল মালিক ও ম্যানেজারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ছাড়া রুম ভাড়া দেওয়া যাবে না।
শনিবার কক্সবাজার জেলা প্রশাসন আয়োজিত জেলার নিরাপদ পর্যটন নিশ্চিতকরণের লক্ষ্যে হোটেল-মোটেল-রেস্তোরাঁ মালিক, পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ী ও অংশীজনদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এমপি শামীম আরা স্বপ্না বলেন, ‘কক্সবাজারে ইদানীং দেখা যায়, ছোট ছোট মেয়েরা তাদের প্রেমিকদের হাত ধরে আপনাদের হোটেলে চলে আসে। তারা তো ‘আন্ডারএজ’ (অপ্রাপ্তবয়স্ক), তাদের এখনো একা হোটেলে থাকার বয়স হয়নি। আপনারা তাদের এনআইডি ছাড়া অবস্থান করতে দেন, এটা আইনগতভাবে অনেক বড় অপরাধ। এর ফলে নানা ধরনের অঘটন ঘটছে। কেউ পথে-ঘাটে প্রাণ হারাচ্ছেন, আবার কেউ আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন।’
তিনি ব্যবসায়ীদের উদ্দেশে আরো বলেন, ‘এ ধরনের পরিস্থিতি কক্সবাজারে হতে দেওয়া যায় না। আপনাদের প্রতি অনুরোধ, কেউ মা-বাবার সঙ্গে এলে হোটেলে থাকতে পারবে। তবে প্রেমিকের সঙ্গে এলে এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) না থাকলে হোটেলে থাকার কোনো অনুমতি দেওয়া যাবে না। এরপরও এ ধরনের ঘটনা ধরা পড়লে সংশ্লিষ্ট হোটেল মালিক ও ম্যানেজারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
উল্লেখ্য, গত ৮ অক্টোবর কুমিল্লার সপ্তম শ্রেণির স্কুলছাত্রী জান্নাতুল তাজমিনের লাশ উদ্ধার করা হলে দেশব্যাপী চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। ১৩ বছর বয়সী ওই শিক্ষার্থী হত্যার শিকার হওয়ার আগে কক্সবাজারে ‘তানজু আক্তার’ নামে তার কথিত প্রেমিক রাজুর সঙ্গে একটি হোটেলে অবস্থান করেছিল এবং সেখানের নিবন্ধন খাতায় তার বয়স ১৮ বছর উল্লেখ করা হয়েছিল।
মতবিনিময় সভায় নিজের বক্তব্যে প্রসঙ্গটি তুলে ধরেন কক্সবাজারের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান। তিনি বলেন, ‘কুমিল্লার ঘটনায় কক্সবাজারকে জড়ানো হলো।’
পর্যটনশিল্পের স্বার্থে এসব অপতৎপরতা রুখতে নেতিবাচক প্রচার যাতে না ছড়ায়, সেদিকে খেয়াল রাখতে হবে এবং ইতিবাচক ব্র্যান্ডিংয়ের ওপর গুরুত্ব দিতে হবে বলেও মন্তব্য করেন জেলা পুলিশের এই শীর্ষ কর্মকর্তা।
জেলা প্রশাসক মো. আ. মান্নানের সভাপতিত্বে আয়োজিত এই সভায় বক্তব্য দেন কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও ব্যবসায়ী নেতারা।























