হেফাজত আমিরের গালমন্দ
‘মাথা ঠিক নেই, বাড়িতে রেখে চিকিৎসা করানো উচিত’: আমির হামজা
- আপডেট সময় ০৩:৫৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
- / ৩৫ বার পড়া হয়েছে
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের কর্মকাণ্ডের প্রতি অসন্তোষ প্রকাশ করে তাকে সম্প্রতি ‘কুত্তার বাচ্চা’ বলে গালি দিয়ে সমালোচনার শিকার হয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির এবং চট্টগ্রামের আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগরের মহাপরিচালক আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।
তাছাড়াও, ইসলামি বক্তা ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজাকেও গালি দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এ বিষয়ে তার সমালোচনা করে প্রতিক্রিয়া জানিয়েছেন আমির হামজা।
তার ভাষ্যমতে, ‘হেফাজত আমিরের মাথা ঠিক নেই। তার মুখ দিয়ে নিকৃষ্ট শব্দ উচ্চারিত হয়। তাকে মঞ্চে না তুলে দিয়ে বাড়িতে বসিয়ে চিকিৎসা করানো উচিৎ।’
সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে নারায়ণগঞ্জের বন্দরের দক্ষিণ লক্ষণখোলার পৌরসভা ফুটবল খেলার মাঠে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান মুফাসসিরের বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীকে উদ্দেশ্য করে আমির হামজা বলেন, “আমি নাকি মুরুব্বিকে নিয়ে খারাপ কথা বলি। মুরুব্বি কী বলেছেন, সেটা আপনি দেখেননি? এই আমির হামজাকে সে খা.. বাচ্চা বলেছে। আল্লামা মামুনুল হককে কু…. বাচ্চা বলেছে। এত নিকৃষ্ট শব্দ উনার মুখ দিয়ে আসে, উনাকে মাইকের সামনে নিয়ে আসেন কেন? এরকম মুরুব্বি, যার কথা ঠিক নেই, মাথা ঠিক নেই, তাকে বাড়িতে বসিয়ে চিকিৎসা করেন। মানুষকে গালিগালাজ করার জন্যে মঞ্চে কেন তুলে দেন?”
তিনি বলেন, “আল্লামা মামুনুল হকের সঙ্গে আমি তিন বছর কারাগারে ছিলাম। উনার সম্পর্কে আমি জানি। আপনি তাকে কু… বাচ্চা বলে গালি দিতে পারলেন? আমি নয় ছোট মানুষ, আমাকে আপনি যা তা বলেন। আমাকে যে খা… বাচ্চা বলে গালি দিলেন, আল্লাহর কসম, আমার মা যদি ওইটা না হয়, তাহলে আপনি ওইটা। মামুনুল হক যদি কু… বাচ্চা না হয়, আপনি কু… বাচ্চা। আমি যদি খা… বাচ্চা না হই, আপনি খা… বাচ্চা। আমি আর নিচে নামলাম না।”
এসময় আমির হামজা আরও বলেন, “যারা ওয়াজ মাহফিলে বাধা দেয় তারা কাফের। যারা বলেন আমির হামজা বিতর্কিত, তাকে আসতে দেওয়া যাবে না, আমাকে বিতর্কিত বানিয়েছেন আপনারা। আমি এমপি নমিনেশন পাওয়ার আগে আমার নামে কেউ খারাপ কথা লিখে নাই, এখন এসব কথা আসে কেন? যারা আমাদের ভুলের কথা বলে তাদের ভুলের শেষ নেই। যারা মাকে খাবার দেয় না, তারা আমাদের নিয়ে কথা বলে।”
এর আগে, নারায়ণগঞ্জের বন্দরে স্থানীয় আলেম ওলামারা আমির হামজার ওয়াজ মাহফিল নিয়ে আপত্তি করলে অসন্তোষের সৃষ্টি হয়। সবশেষ এই ঘটনায় ১৬ নভেম্বর দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে রুদ্ধদ্বার বৈঠক শেষে জানানো হয় আমির হামজা আসবেন।



















