গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঢাবি শিক্ষার্থীর আমরণ অনশন
- আপডেট সময় ০৫:৩৬:১৭ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬
- / ২৯ বার পড়া হয়েছে
জুলাই বিপ্লবের স্পিরিট রক্ষা এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আমরণ অনশনে বসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী মো. সাদিক মুনওয়ার মুনেম। আজ বুধবার (৮ এপ্রিল) দুপুর ৩টা ৩০ মিনিট থেকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যের পাদদেশে তিনি এই অবস্থান কর্মসূচি শুরু করেন।
অনশনস্থলে মুনেম অভিযোগ করেন, সহস্র প্রাণের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের প্রতিজ্ঞা আজ হুমকির মুখে। তিনি বলেন, “ফ্যাসিবাদী কাঠামো সংস্কার করে যে ন্যায়বিচার ও বৈষম্যহীন দেশ গড়ার শপথ আমরা নিয়েছিলাম, বর্তমান সরকারের নানা কর্মকাণ্ডে তা ধূলিস্যাৎ হওয়ার পথে। গণভোটের রায়কে অস্বীকার করে জাতিকে পুনরায় গুম-খুন-দুর্নীতি ও গোলামীর জিঞ্জিরে আবদ্ধ করার অপচেষ্টা চলছে।”
অনশনকারী এই শিক্ষার্থী সরকারের কাছে স্পষ্ট তিন দফা দাবি পেশ করেছেন:
১. গণভোট নিয়ে নাটকীয়তা বন্ধ করে গণভোটে উল্লিখিত বিষয়গুলো সংসদে উত্থাপন ও জনরায়কে দ্রুত বাস্তবায়ন করতে হবে।
২. গুম প্রতিরোধ ও প্রতিকারসহ গুরুত্বপূর্ণ সকল অধ্যাদেশ সংসদে বিল আকারে উত্থাপন করতে হবে।
৩. জুলাই সনদে উল্লিখিত অন্যান্য বিষয়গুলো বাস্তবায়নের জন্য একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ প্রকাশ করতে হবে।
তিনি ঘোষণা দেন যে, ফ্যাসিবাদী কাঠামো পুরোপুরি ভেঙে না দেওয়া পর্যন্ত তার এই লড়াই চলবে। তিনি দেশের সর্বস্তরের ছাত্র-জনতাকে এই সংগ্রামে নিজ নিজ অবস্থান থেকে যুক্ত হওয়ার উদাত্ত আহ্বান জানান। তিনি স্পষ্টভাবে বলেন, “নতুন করে এ দেশে কাউকে ফ্যাসিবাদ কায়েমের সুযোগ দেওয়া হবে না ইনশাআল্লাহ।”
শেষ খবর পাওয়া পর্যন্ত, রাজু ভাস্কর্যের সামনে তিনি অনশন চালিয়ে যাচ্ছেন এবং সাধারণ শিক্ষার্থীদের একটি অংশ সেখানে উপস্থিত হয়ে তার দাবির প্রতি সংহতি প্রকাশ করছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন বা সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


















