রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে রাশিয়ার নাগরিকের মৃত্যু
- আপডেট সময় ০২:৫৯:৫৬ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
- / ১৪৭ বার পড়া হয়েছে
পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের (আরএনপিপি) নতুনহাট গ্রিন সিটি আবাসিকে এক রুশ নাগরিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতের নাম চুরকিন (৪০)।
শুক্রবার (১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রকল্পে কর্মরত চুরকিন জিম সেন্টারে ব্যায়াম করার সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন।
জানা গেছে, চুরকিন রাশিয়ার ক্রাসনোডার এলাকার ভ্লাদিমিরের ছেলে। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের সাব ঠিকাদার প্রতিষ্ঠান এটম টেক এনারগো কোম্পানিতে ছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলী এহসান জানান, রাশিয়ান নাগরিককে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
ঈশ্বরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জামাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ব্যায়াম করতে গিয়ে তিনি হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। এ সময় তার সহকর্মীরা তাকে গ্রীনসিটি আবাসিক এলাকার মেডিকেল সেন্টারে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।























