স্বামী ছাত্রদলের সহ-সভাপতি নির্বাচিত: ফেসবুকে স্ত্রীর শুভেচ্ছাবার্তা
- আপডেট সময় ০৪:৩৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
- / ৮ বার পড়া হয়েছে
নরসিংদী জেলা ছাত্রদলের নতুন কমিটিতে স্বামী সহসভাপতি হওয়ায় ফেসবুকে শুভেচ্ছা জানিয়েছেন স্ত্রী। এর আগে, ৩৮০ সদস্যের এই কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। কমিটিতে ২ নং সহসভাপতি হয়েছেন সজীব পাল জুম্মন।
এ কমিটি ঘোষণার পর তার স্ত্রী ফেসবুকে একটি ছবিসহ কমিটির তালিকা প্রকাশ করেছেন। ছবিতে রয়েছেন স্বামী-স্ত্রী দুজনেই। এরই পাশাপাশি তিনি লেখেন, ‘প্রাণঢালা অভিনন্দন জামাই। নরসিংদী জেলা ছাত্রদলের ২ নং সহসভাপতি।’
এই পোস্টের সূত্র ধরে কমিটিতে স্থান না পাওয়া ত্যাগী ও পদবঞ্চিত নেতাকর্মীরা তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন।
তাদের দাবি, এই পোস্টই প্রমাণ করে যে ঘোষিত কমিটিতে রাজপথের ত্যাগীদের মূল্যায়ন করা হয়নি। বিবাহিত এবং এমনকি দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থান করছেন এমন ১৫-২০ জনকেও এই কমিটিতে পদ দেওয়া হয়েছে।
জেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব মাঈনউদ্দিন ভূঁইয়া জানান, `আমাদের নেতা তারেক রহমান ঘোষণা দিয়েছিলেন, বিগত আন্দোলনে মিছিলে সবার পেছনে থাকা কর্মীটিও মূল্যায়িত হবে। কিন্তু এই কমিটিতে রাজপথের সামনের সারিতে থাকা লড়াকু নেতাকর্মীদের অবমূল্যায়ন করা হয়েছে। ত্যাগী ও নির্যাতিতদের বাদ দিয়ে বিদেশে থাকা ব্যক্তিদের নাম তালিকায় স্থান পাওয়া অত্যন্ত দুঃখজনক।’




















