নিষিদ্ধ আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা এনু ও রুপনের ১০ বছরের কারাদণ্ড
- আপডেট সময় ০৪:৫১:৪৭ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
- / ১৯ বার পড়া হয়েছে
অর্থপাচার প্রতিরোধ আইনে ওয়ারী থানায় দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা এনামুল হক এনু ও তার ভাই রুপন ভূঁইয়াকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাদের ৬৪ কোটি ৬২ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাস কারাভোগ করতে হবে বলে বিচারক রায়ে উল্লেখ করেন।
বুধবার দুপুরে ঢাকার ৬ নম্বর বিশেষ জজ নূরে আলম ভূঞার আদালত এ রায় ঘোষণা করেন। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আট আসামিকে খালাস দিয়েছে আদালত। সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর মো. সেলিম খান এসব তথ্য জানান।
২০২৫ সালের ৩০ জানুয়ারি অর্থপাচার প্রতিরোধ আইনে করা মামলায় এনামুল হক এনু ও তার ভাই রুপন ভূঁইয়াকে সাত বছর করে কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক মাসুদ পারভেজ। কারাদণ্ডের পাশাপাশি তাদের ৩৪ লাখ ২৬ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়।
আদালত সূত্রে জানা যায়, অবৈধ উপায়ে অর্জিত ২৬ কোটি ৫৫ লাখ টাকা আড়াল করার জন্য গোপনে হেফাজতে রাখার অভিযোগে রাজধানীর ওয়ারী থানায় ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি র্যাব-৩-এর নায়েব সুবেদার রমজান আলী বাদী হয়ে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দায়ের করেন। তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা ২০২১ সালের ৮ আগস্ট এনু-রুপন ও তাদের আট সহযোগীকে আসামি করে অভিযোগপত্র জমা দেন।
পরবর্তীতে ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। মামলার বিচার চলাকালে ১৬ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্য গ্রহণ করে আদালত।



















