তিস্তা মহাপরিকল্পনা নিয়ে সরকারের চীন সফর ব্যর্থ: নাহিদ ইসলাম
স্টাফ রিপোর্টার
- আপডেট সময় ১১:১৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
- / ২৭ বার পড়া হয়েছে
উত্তরাঞ্চলের অধিকাংশ সংসদ সদস্য বিরোধী দলের হওয়ায় বাজেট বরাদ্দে বৈষম্যের মাধ্যমে এ অঞ্চলকে উন্নয়ন থেকে বঞ্চিত রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে সরকার চীন সফর করলেও সেখান থেকে কোনো অর্জন নিয়ে ফিরতে পারেননি।
বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকালে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার টগরাইহাট উচ্চবিদ্যালয় মাঠে জাতীয় কৃষক শক্তির আয়োজনে অনুষ্ঠিত এক বিশাল কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি নাহিদ ইসলাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণ করে বলেন, ‘আবু সাঈদ দুই হাত প্রসারিত করে বুক পেতে বুলেট গ্রহণের মধ্য দিয়ে গণ–অভ্যুত্থানের যাত্রা শুরু করেছিলেন। তিনি ছিলেন কৃষক পরিবারের সন্তান। এ অঞ্চলে গণ–অভ্যুত্থানে যাঁরা অংশ নিয়েছেন এবং নেতৃত্ব দিয়েছেন, তাদের অধিকাংশই কৃষক পরিবারের সন্তান।’
কৃষকদের ন্যায্যমূল্য না পাওয়ার তীব্র ক্ষোভ প্রকাশ করে এনসিপি আহ্বায়ক বলেন, বর্তমান সরকার কৃষকদের কাছ থেকে ন্যায্যমূল্যে ফসল কিনছে না। এর ফলে দেশের কৃষি খাত ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। কৃষকের ন্যায্য অধিকার নিশ্চিত করা না গেলে অচিরেই দেশের খাদ্যনিরাপত্তা বড় ধরনের হুমকির মুখে পড়বে।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে এনসিপির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন এবং কুড়িগ্রাম–২ আসনের সংসদ সদস্য ডা. আতিক মুজাহিদ বলেন, উত্তরাঞ্চলের মানুষের প্রাণের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন। কিন্তু সরকার এই মহাপরিকল্পনা নিয়ে শুধু আশ্বাসের বাণীই শুনিয়ে যাচ্ছে, বাস্তবে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই।
কুড়িগ্রাম জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়ার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন নারী শক্তির আহ্বায়ক নাসিরা খন্দকার নিসাসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
সমাবেশ থেকে কৃষকের ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করা, সেচ, সার ও বীজের সহজ প্রাপ্যতা নিশ্চিত করা এবং উত্তরাঞ্চলের দীর্ঘদিনের উন্নয়ন বৈষম্য দূর করার জোর দাবি জানানো হয়।





















