কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ, বাদীর ক্ষোভ
- আপডেট সময় ০২:১৮:১৮ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬
- / ১৮ বার পড়া হয়েছে
নরসিংদীর পলাশ উপজেলায় রাস্তা থেকে এক বালু ব্যবসায়ীকে তুলে নিয়ে মারধর ও তার কান কামড়ে জখমের ঘটনার প্রধান আসামি ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া শতাধিক মানুষ নিয়ে প্রকাশ্যে সমাবেশ করেছেন।
গত সোমবার বেলা সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘোড়াশাল পৌরসভার চরপাড়া এলাকায় রওশন জেনারেল হাসপাতাল ও পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ওই সমাবেশে তিনি পৌরসভাকে মাদকমুক্ত করার ঘোষণা দেন।
এদিকে মামলা তুলে না দিলে প্রধান আসামি মহিউদ্দিন চিশতিয়া মামলার বাদী মিয়া মোহাম্মদ সজিবকে হত্যার হুমকি দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। সজীব ‘মেসার্স সজীব ট্রেডার্সের স্বত্বাধিকারী’।
সমাবেশের বিষয়ে বক্তব্য জানতে মহিউদ্দিন চিশতিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে পলাশ থানার ওসি শাহেদ আল মামুনের ভাষ্য, আসামি মহিউদ্দিন চিশতিয়া মাত্র পাঁচ মিনিট সমাবেশ করে দ্রুত চলে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।



















