বালু নিয়ে বিএনপির দুই গ্রুপের ককটেল বিস্ফোরণ, গুলিতে আহত ৩
- আপডেট সময় ০৩:১২:২৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
- / ১৭ বার পড়া হয়েছে
ফেনীর ছাগলনাইয়ায় বালু ব্যবসার টাকা-পয়সার বিরোধকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গুলিবর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার দিবাগত রাত প্রায় ১টার দিকে ছাগলনাইয়া আদালত মাঠসংলগ্ন শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগ অনুযায়ী, ঘোপাল ইউনিয়ন বিএনপির নেতা আলমগীর সিদ্দিকী ও তার সমর্থকদের হামলায় উপজেলা বিএনপির নেতা রিয়াজ উদ্দিন মজুমদার (টিপু) গুরুতর আহত হন। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে তার গাড়িচালক আদনান, হুমায়ুন, সোহেল ও ইমনও আহত হন।
আহত রিয়াজ উদ্দিন মজুমদার টিপু জানান, ফেনী নদী থেকে বালু উত্তোলনের ব্যবসা বাবদ আলমগীর সিদ্দিকীর কাছে তার প্রায় ১৪-১৫ লাখ টাকা পাওনা রয়েছে। কিছু টাকা পরিশোধ করা হলেও বাকি টাকা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শুক্রবার দিনগত রাতে জয়নাল ও ইসমাইল নামে দুই ব্যক্তি বিষয়টি মীমাংসার কথা বলে তাকে আদালত মাঠে ডেকে নিয়ে যান।
তার দাবি, সেখানে পৌঁছানোর পর আলমগীর সিদ্দিকী ৪-৫টি গাড়ি নিয়ে ঘটনাস্থলে এসে গুলিবর্ষণ শুরু করেন। এতে গুলির স্প্লিন্টার তার পায়ে লাগে এবং পরে শটগান দিয়ে মাথায় আঘাত করা হয়। গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলাকারীরা পরে শুভপুর সড়ক দিয়ে গাড়িযোগে পালিয়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান বলে তিনি জানান।
এ ঘটনায় ১৪ জনের নাম উল্লেখ করে এবং আরও ২০-৩০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে ছাগলনাইয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন আহত রিয়াজ উদ্দিন মজুমদার টিপু।
ছাগলনাইয়া থানার ওসি মো. আবু তাহের জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত আলমগীর সিদ্দিকীর বক্তব্য জানতে তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। ফলে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।



















