ভলিবলের র্যাঙ্কিংয়ে এক লাফে ৭৩ ধাপ উন্নতি বাংলাদেশের
- আপডেট সময় ০৮:৪০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
- / ২২ বার পড়া হয়েছে
টুর্নামেন্টের শুরু থেকে বাংলাদেশ যেভাবে খেলে আসছিল, তাতে ফাইনালে যেতে না পারলেই বরং আক্ষেপ রয়ে যেত। তবে তেমন কিছু আর হয়নি।
পাকিস্তানের ইসলামাবাদে আজ সেমিফাইনালে উজবেকিস্তানকে ৩–০ সেটে উড়িয়ে সেন্ট্রাল এশিয়ান ভলিবল অ্যাসোসিয়েশন (কাভা) চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গেছে বাংলাদেশ পুরুষ ভলিবল দল।
একই দিন দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরেছে শ্রীলঙ্কা। আগামীকাল তাই শিরোপার লড়াইয়ে স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবেন লাল–সবুজের প্রতিনিধিরা।
ফাইনাল পর্যন্ত বাংলাদেশ জিতেছে পাঁচ ম্যাচ। যার ইতিবাচক প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়ে। নিয়মিত র্যাঙ্কিংভিত্তিক প্রতিযোগিতায় অংশ নিতে না পারায় বাংলাদেশ লম্বা সময় আন্তর্জাতিক ভলিবল ফেডারেশনের (এফআইভিবি) র্যাঙ্কিংয়ের বাইরে ছিল।
এ প্রতিযোগিতার আগে তারা র্যাঙ্কিং টুর্নামেন্ট খেলেছিল ২০২৩ সালে ছেলেদের এশিয়ান ভলিবল চ্যাম্পিয়নশিপ। এফআইভিবির র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ছিল ১৪৮ নম্বরে। সেখান থেকে আজ সর্বশেষ হালনাগাদ করা র্যাঙ্কিংয়ে একলাফে ৭৫ নম্বরে উঠে এসেছে।
লিগ পর্বে পাঁচ ম্যাচে কেবল একটিতে হেরেছে বাংলাদেশ, সেটা স্বাগতিকদের বিপক্ষেই। বাকি চার ম্যাচে উজবেকিস্তান, কাজাখস্তান, নেপাল ও শ্রীলঙ্কাকে পরাজিত করেছেন হরষিত বিশ্বাসরা।
কাভা চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ একবারই চ্যাম্পিয়ন হয়েছিল ২০১৬ সালে। সেবার ঢাকায় কিরগিজস্তানকে হারিয়ে শিরোপা জিতেছিলেন বাংলাদেশের পুরুষ দল। যদিও সেই আসরে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার মতো শক্ত প্রতিপক্ষ ছিল না। এবারও ভারত নেই। বাংলাদেশ ছাড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া অন্য চার দল পাকিস্তান, কাজাখস্তান, উজবেকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা।




















