জন্মনিবন্ধন সংশোধনের নামে অর্থ নেয়ায় কৃষকদল নেতাকে অব্যাহতি
- আপডেট সময় ০৩:২৯:০৩ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
- / ১৬ বার পড়া হয়েছে
চট্টগ্রামের মিরসরাইয়ে জন্মনিবন্ধন সংশোধনের নামে দুই অসহায় নারীর কাছ থেকে অবৈধভাবে অর্থ নেয়ার অভিযোগের তদন্ত প্রমাণিত হওয়ায় কৃষক দলের ইউনিয়ন সভাপতিকে দলীয় সব পদ থেকে এক সপ্তাহের জন্য সাময়িক অব্যাহতি ও কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) রাতে উপজেলা কৃষক দলের সভাপতি মো: আশরাফ উদ্দিন ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফারুক স্বাক্ষরিত এক কারণ দর্শানোর নোটিশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
নোটিশে বলা হয়, অভিযুক্ত মশিউর রহমান মিরসরাই উপজেলা কৃষক দলের অধীনস্থ ৯ নম্বর সদর ইউনিয়ন কৃষক দলের সভাপতি। তার বিরুদ্ধে জন্মনিবন্ধন সংশোধন করে দেয়ার প্রলোভন দেখিয়ে দুই অসহায় নারীর কাছ থেকে নিয়মবহির্ভূতভাবে অর্থ নেয়ার অভিযোগ ওঠে।
পরে উপজেলা কৃষক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে অভিযোগটি তদন্ত করা হলে এর সত্যতা পাওয়া যায়।
নোটিশে আরো বলা হয়, এ ধরনের কর্মকাণ্ড দলীয় শৃঙ্খলা, সাংগঠনিক নীতি ও দলের ভাবমূর্তির পরিপন্থী। এ কারণে মশিউর রহমানকে এক সপ্তাহের জন্য দলীয় সব পদ থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে। পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তাকে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলা হয়েছে।
এ ছাড়া কেনো তার বিরুদ্ধে স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হবে না, সে বিষয়ে নোটিশ জারির তারিখ থেকে এক সপ্তাহের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। একই সময়ের মধ্যে বারইয়ারহাটস্থ উপজেলা কৃষক দলের অস্থায়ী কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দেয়ারও নির্দেশ দেয়া হয়েছে।
এ বিষয়ে মিরসরাই উপজেলা কৃষক দলের সভাপতি মো: আশরাফ উদ্দিন বলেন, ‘দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয় বা সাধারণ মানুষের সাথে প্রতারণার মতো কোনো অভিযোগ প্রমাণিত হলে কাউকে ছাড় দেয়া হবে না। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় সাংগঠনিক বিধি অনুযায়ী অভিযুক্তকে শোকজ করা হয়েছে এবং সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে না পারলে তার বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’




















