চাঁদাবাজির অভিযোগে বহিষ্কার
ফেনী সরকারী কলেজ ছাত্রদল নেতা ফিরলেন স্বপদে
- আপডেট সময় ০৪:২৩:১১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
- / ১১০ বার পড়া হয়েছে
চাঁদা দাবির অডিও ভাইরাল হওয়ার পর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত ফেনী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি নোমানুল হক নোমানকে আবারও স্বপদে বহাল করেছে ছাত্রদল। মঙ্গলবার (১১ আগস্ট) কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।
মঙ্গলবার ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক ফেনী জেলা শাখার অধীন ফেনী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি নোমানুল হক নোমানের সাংগঠনিক পদ থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে বহাল করা হয়েছে। ফলে তার সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আর কোনো বিধিনিষেধ রইল না। সিদ্ধান্তটি ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির অনুমোদন করেন।’
এর আগে ফেনীর পাঁচগাছিয়া ইউনিয়নে মাটি পরিবহনকে কেন্দ্র করে নোমানের চাঁদা দাবির একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। প্রায় চার মিনিটের ওই অডিওতে মাটি পরিবহনের জন্য ১৬ হাজার টাকা দাবির অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।
তবে অভিযোগ অস্বীকার করে নোমান দাবি করেছিলেন, তিনি চাঁদা দাবি করেননি, স্থানীয়দের সঙ্গে সৃষ্ট বিরোধ মীমাংসার অংশ হিসেবেই তিনি বিষয়টি নিয়ে কথা বলেছিলেন।















