হাসনাত ক্ষমা না চাইলে ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির কর্মসূচি বন্ধের হুঁশিয়ারি
- আপডেট সময় ০১:০৯:০০ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
- / ১৮ বার পড়া হয়েছে
হাসনাত আব্দুল্লাহ ক্ষমা না চাইলে ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির কর্মসূচি বন্ধের হুঁশিয়ারি দিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গতকাল শুক্রবার রাত পৌনে ১২টার দিকে জেলা শহরে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে এ হুঁশিয়ারি দেওয়া হয়। মিছিলটি শহরের কান্দিপাড়া এলাকা থেকে শুরু হওয়ার পর প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয়।
সমাবেশে বক্তারা সংসদে ব্রাহ্মণবাড়িয়ার সাম্প্রতিক ঘটনা নিয়ে সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর দেওয়া বক্তব্যের কড়া সমালোচনা করেন। তারা হাসনাতের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং উক্ত বক্তব্যের জন্য ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।
অন্যথায় আজ শনিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পূর্বনির্ধারিত সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা কর্মসূচি পালন করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন বক্তারা।
এরআগে গত বৃহস্পতিবার হাসনাত আবদুল্লাহ সংসদে কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সে সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার ঘটনায় কার্যকর ব্যবস্থা নিতে না পারায় সরকারের ব্যর্থতার তীব্র সমালোচনা করেন।



















